স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
টেগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী রিনা আক্তার ও তার তিন ছোট বোন মা হোসনে আরাকে (২৭) দুপুর থেকে বায়না ধরেছে কালীপূজা দেখতে যাবে। মা কালীপূজা দেখাতে নিয়ে যাওয়ার কথা বললে ছোট্ট চার মেয়ে সারা দিন ছিল খুশিতে আত্মহারা। কিন্তু এই বায়না যে তাদের অনাথ করে দেবে, তা কি রিনা আক্তাররা জানত? গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালীপূজা দেখতে যাওয়া নিয়ে হোসনে আরা স্বামী রবিউল আলীর এলোপাতাড়ি দায়ের কোপে মৃত্যুবরণ করেন। পরে রবিউল আলীও (৪৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় বগাচতর ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। চার মেয়ের কী হবে, তা নিয়েও লোকজনের মধ্যে ভাবনার সৃষ্টি হয়েছে।রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের টেগাপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। লংগদু থানার পুলিশ ও বগাচতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনায় লংগদু থানায় একটি হত্যা ও একটি অপমৃত্যুর মামলা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) লংগদু থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ কামাল স্থানীয় লোকজনের উদ্ধৃতি দিয়ে জানান, হোসনে আরা চার মেয়েকে নিয়ে কালীপূজা দেখতে যাওয়ার সময় স্বামী রবিউল আলী বাধা দেন। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রবিউল ধারালো দা নিয়ে মেয়েদের সামনে স্ত্রী হোসনে আরাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এ সময় মা ও মেয়েদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে রবিউল পালিয়ে যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মারাত্মক আহত অবস্থায় হোসনে আরাকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এসআই আশরাফ কামাল জানান, রাত সাড়ে নয়টার দিকে হোসনে আরা হত্যা মামলায় স্বামী রবিউল আলীকে আসামি করে তিনি মামলা লিপিবদ্ধ করেন। এর কিছুক্ষণ পরই শুনতে পান রবিউল আলী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার সকালে স্বামী স্ত্রীর লাশ ময়নাতদন্তের জন্য একসঙ্গে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।বগাচতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুুল গাফফার জানান, পরিবারটি দরিদ্র হলেও বেশ সুখী ছিল। কোনো পারিবারিক কলহ ছিল বলেও তাঁর জানা নেই। এভাবে হঠাৎ এত বড় ঘটনা ঘটে যাওয়ায় এলাকার সবাই হতবাক হয়ে গেছে।