স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীকে হত্যার দায়ে সোহেল রানা (৩৭) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোহেল রানা ২০১১ সালের ২৯ আগস্ট তাঁর স্ত্রী আফরোজা বেগমকে গলা কেটে হত্যা করেন।

আজ মঙ্গলবার বিকেলে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে আদালত তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

সোহেল শ্রীবরদী উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি সোহেল আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৫ সালে শ্রীবরদী উপজেলার নবীণপুর গ্রামের আফরোজ আলীর মেয়ে আফরোজা বেগমের সঙ্গে একই উপজেলার মাধবপুর গ্রামের সোহেল রানার বিয়ে হয়। এ দম্পতির ঘরে দুটি সন্তান আছে। কিন্তু বিয়ের দুই বছর পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এর জের ধরে ২০১১ সালের ২৯ আগস্ট ভোরে সোহেল রানা ঘুমন্ত স্ত্রী আফরোজা বেগমের গলায় ‘গারো দা’ চালান। আশঙ্কাজনক অবস্থায় আফরোজাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। আফরোজার আত্মীয়-স্বজন সোহেল রানাকে আটক করে শ্রীবরদী থানা-পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় আফরোজার বাবা আফরোজ আলী বাদী হয়ে সোহেল রানা ও তাঁর বাবা ছাবেদ আলী, মা ছালেহা বেগম ও ভাই শাহিনুর ইসলামকে আসামি করে শ্রীবরদী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে সোহেল রানা স্ত্রী হত্যার বিষয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে ২০১২ সালের ২ ফেব্রুয়ারি শ্রীবরদী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম সোহেল রানার নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে এপিপি ইমাম হোসেন বলেন, তাঁরা ন্যায় বিচার পেয়েছেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী এম কে মোরাদুজ্জামান প্রথম আলোকে বলেন, এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।