স্ত্রীকে ‘বিক্রি’, যৌনপল্লি থেকে উদ্ধার
ঢাকার পল্লবী থানা এলাকা থেকে স্বামী বাবুল শেখের (২৬) সঙ্গে বেড়াতে গিয়েছিলেন এক তরুণী (১৫)। অভিযোগ রয়েছে, বাবুল শেখ তাঁর বন্ধুর কাছে স্ত্রীকে বিক্রি করে দেন। এ ঘটনার প্রায় দেড় মাস পর গত শনিবার সন্ধ্যায় দৌলতদিয়া যৌনপল্লি থেকে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করেছে। গোয়ালন্দ ঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস খানের ভাষ্যমতে, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দরিদ্র পরিবারের সন্তান ওই তরুণী ঢাকার পল্লবী এলাকার একটি পোশাক কারখানায় কাজ করত। সে পোশাকশ্রমিক স্বামীকে নিয়ে ওই এলাকায় বাস করত। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বাবুল শেখ বেড়ানোর কথা বলে স্ত্রীকে নিয়ে বের হন। এরপর তিনি তাঁর বন্ধু সাব্বিরের (২৬) কাছে স্ত্রীকে বিক্রি করে দেন। পরে কয়েক দিন স্ত্রী নিখোঁজ হিসেবে প্রচারণা চালিয়ে তিনি নিরুদ্দেশ হন। বিষয়টি বুঝতে পেরে ওই তরুণীর বাবা ২২ ফেব্রুয়ারি পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জামাই বাবুল শেখকে আসামি করে একটি মামলা করেন। মামলার পর পুলিশ বাবুল শেখের বন্ধু সাব্বিরকে গ্রেপ্তার করে। সাব্বিরের স্বীকারোক্তি থেকে জানা যায়, ওই তরুণীকে দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি করা হয়েছে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নারী বিভাগের অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান চালিয়ে তপন-সুইটির বাড়ি থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়।এএসআই ইলিয়াস খান আরও জানান, উদ্ধারের পর থানায় সাধারণ ডায়েরি করে ওই তরুণীকে রাতেই ঢাকার পুলিশ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।