স্ত্রীদের সামনে কান ধরে ওঠবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তাস খেলার অপরাধে তিন ব্যক্তিকে আটক করে গতকাল রোববার থানায় স্ত্রীদের সামনে তাঁদের কান ধরে ওঠবস করানো হয়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁদের স্ত্রীদের জিম্মায় ছেড়ে দেন।  

তাঁরা হলেন চৌধুরীপাড়া মহল্লার আজাদ হোসেন, পশ্চিম হাস্তাবসন্তপুর মহল্লার তাহের আলী (৪৮) ও আখের আলী (৪৫)।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে পৌর শহরের চৌধুরীপাড়া মহল্লার আজাদ হোসেনের বাড়িতে তাস খেলা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। রাতেই আত্মীয়স্বজন থানা থেকে তাঁদের ছাড়িয়ে আনতে তদবির শুরু করেন। গতকাল সকালে আত্মীয়স্বজনেরা তাঁদের ছাড়িয়ে আনতে আবারও থানায় যান। দেনদরবার শেষে ওসি তিন ব্যক্তির স্ত্রীকে থানায় এসে তাঁদের স্বামীদের গালে চড় মেরে থানা থেকে নিয়ে যাওয়ার শর্ত দেন। তাঁদের স্ত্রীরা বেলা সাড়ে ১১টায় থানায় আসেন। তখন ওসি সিরাজুল ইসলাম স্ত্রীদের স্বামীর গালে থাপ্পড় মারতে বললে স্ত্রীরা রাজি হননি। পরে ওসি স্ত্রীদের সামনে কান ধরে ওঠবস করিয়ে তাঁদের ছেড়ে দেন।

ওসি সিরাজুল বলেন, স্ত্রীদের সামনে ওই তিন ব্যক্তি আর কখনো তাস খেলবেন না বলে কান ধরে ওঠবস করেন। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এটি স্বজনদের সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে।