স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে, কর্মকর্তার নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার অভিযোগে আল রফিক নামের এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলাটি করা হয়।
আল রফিক জনতা ব্যাংকের মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামশা বাজার শাখায় সহকারী নির্বাহী (অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ) কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তাঁর বিরুদ্ধে মামলাটি করেছেন দৌলতপুর উপজেলার চরকাটারী করিম মোল্লার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুবাইদা জাহান। এর আগে জুবাইদা যৌতুক ও নির্যাতনের অভিযোগে ওই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তিনি জামিনে আছেন।
গতকাল করা মামলার আরজিতে বলা হয়, ২০১২ সালে চরকাটারী গ্রামের আল রফিক জয়ের সঙ্গে একই গ্রামের জুবাইদা জাহানের বিয়ে হয়। এরপর স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা চান রফিক। টাকা না দেওয়ায় স্ত্রীকে প্রায়ই মারধর করতেন তিনি। এ কারণে গত বছরের ২ জুন আদালতে একটি মামলা করেন জুবাইদা। পরে উচ্চ আদালত থেকে রফিক জামিন নেন। এরপর থেকে মামলা তুলে নেওয়ার জন্য স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনকে নানাভাবে চাপ দিচ্ছেন ও ভয়ভীতি দেখাচ্ছেন রফিক। এর মধ্যেই ২০১২ সালের ৯ অক্টোবর হবিগঞ্জের বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামের এক মেয়েকে গোপনে বিয়ে করেন রফিক। সম্প্রতি বিষয়টি তিনি (জুবাইদা) জানতে পারেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল আদালতে অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার অভিযোগে তিনি স্বামীর বিরুদ্ধে মামলা করেন।
আল রফিক বলেন, হয়রানি করতে এর আগেও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তিনি দাবি করেন, জুবাইদা জাহান তাঁকে তালাক দিয়েছেন। এ কারণেই তিনি আবার বিয়ে করেছেন।
তবে তালাকের বিষয়টি অস্বীকার করেছেন জুবাইদা। তিনি বলেন, প্রতারণার মাধ্যমে তালাকনামায় তাঁর সই নেওয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৩-এর বিচারক শাম্মী আক্তার মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।