স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় পুলিশ সদস্যের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করা এবং প্রথম স্ত্রীর ওপর নির্যাতনের দায়ে বাগেরহাটে চিন্ময় কান্তি সিংহ (৪০) নামে একজন পুলিশ সদস্যের দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড হয়েছে। বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল বাশার মুন্সী গতকাল রোববার দুপুরে এই আদেশ দেন। চিন্ময়কে কারাগারে পাঠানো হয়েছে। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা গ্রামের অন্নদা প্রসাদ সিংহের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের সপ্তম আর্মড ব্যাটালিয়নে নায়েক পদে কর্মরত ছিলেন। চিন্ময়ের প্রথম স্ত্রী মিতালী রানী সিংহের লিখিত অভিযোগ তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় ২০০৭ সালে চিন্ময়কে পুলিশ বিভাগ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।আদালত সূত্রে জানা গেছে, চিন্ময় ১৯৯৬ সালে বাগেরহাটের চিতলমারী উপজেলার সুরশাইল গ্রামের অমূল্য কুমার মণ্ডলের মেয়ে মিতালী রানীকে বিয়ে করেন। ২০০৭ সালে চিন্ময় প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে আরেকটি বিয়ে করেন এবং মিতালীর ওপর নির্যাতন শুরু করেন। এ ব্যাপারে মিতালী ২০০৭ সালের ৯ আগস্ট ওই ট্রাইব্যুনালে চিন্ময় ও তাঁর বাবা-মার বিরুদ্ধে মামলা করেন। গতকাল আদালত রায়ে চিন্ময়কে দুই বছরের দণ্ড এবং অন্য আসামিদের বেকসুর খালাস দেন।