সিলেটের ওসমানীনগর উপজেলার চিন্তামণি গ্রামে দুই ভাইয়ের লাশ উদ্ধারের ঘটনায় তাদের বাবা ছাতির আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে ওই গ্রামের কালীমন্দিরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর ছাতির আলী জানিয়েছেন, স্ত্রী নুরবি বেগমের ওপর ক্ষুব্ধ হয়ে দুই সন্তানকে তিনি হত্যা করেন। তাঁকে নিয়ে সিলেটে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
গত সোমবার দুপুরে বাবা ছাতির আলীর সঙ্গে মাছ ধরতে গিয়ে আর ফেরেনি দুই ছেলে আবদুল মোমিন (১১) ও রুজেল আহমদ (৭)। পরে ওই রাতে গ্রামের ডোবায় ওদের লাশ পাওয়া যায়। এরপর থেকেই তাদের বাবা পলাতক ছিলেন।
হত্যার কারণ সম্পর্কে সংবাদ সম্মেলনে সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, ‘স্ত্রীকে প্রায়ই সন্দেহ করতেন ছাতির আলী। এ কারণে তাঁর প্রতি ক্ষুব্ধও ছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল স্ত্রীকে মেরে ফেলা। কিন্তু তা না করতে পেরে দুই সন্তানকে হত্যা করেন। একধরনের ধারালো লাঠি দিয়ে খুঁচিয়ে ও মাথায় আঘাত করে দুই সন্তানকে খুন করেন ছাতির আলী। ঠান্ডা মাথায় এ ঘটনা ঘটিয়ে তিনি গ্রামের কালীমন্দিরে আত্মগোপন করে ছিলেন।’
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় দুই শিশুর মা নুরবি বেগম বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন। ছাতির আলীকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।