স্ত্রীর করা মামলায় শিক্ষক কারাগারে
ফরিদপুরে যৌতুক না পেয়ে নির্যাতন করার অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় রাজবাড়ী সরকারি মহিলা কলেজের প্রভাষক আবু জোফার মো. সাইফুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে।এজাহার সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে বোয়ালমারী উপজেলার কামারগ্রামের হরিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হোসনে আরার সঙ্গে রাজবাড়ী সরকারি মহিলা কলেজের প্রভাষক আবু জোফার মো. সাইফুল্লাহর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় আবু জোফার যৌতুকের জন্য হোসনে আরাকে চাপ দিতেন। কয়েক দফায় তাঁকে যৌতুক হিসেবে বেশ কিছু অর্থ দেওয়া হয়েছে। সম্প্রতি জোফার আরও ১০ লাখ টাকা যৌতুকের জন্য হোসনে আরাকে চাপ দেন। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে জোফার তাঁর স্ত্রীকে নির্যাতন শুরু করেন। গত ২০ ফেব্রুয়ারি বোয়ালমারী আমলি আদালতে মামলা করেন হোসনে আরা। আদালত সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল জোফার ওই মামলায় উচ্চ আদালত থেকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গতকাল রোববার তিনি ফরিদপুরের আমলি আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করেন। আদালত আবেদনটি নাকচ করে দিয়ে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।