স্ত্রীর গায়ে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার
স্ত্রীকে মারধরের পর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে নাটোরের লালপুর থানার পুলিশ গত শুক্রবার অনুকূল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সাড়ে তিন মাস আগের ওই নির্যাতনের ঘটনায় অনুকূলের শ্বশুর বীরেন চন্দ্র গত বৃহস্পতিবার লালপুর থানায় মামলা করেছেন। অনুকূলকে ছাড়িয়ে নিতে আওয়ামী লীগের স্থানীয় নেতারা শুক্রবার থানায় জোর তদবির চালিয়েছেন।মামলার নথি ও পুলিশ সূত্রে জানা গেছে, সাত মাস আগে নাটোরের লালপুর উপজেলার নান্দরায়পুর গ্রামের অনিল সরকারের ছেলে অনুকূল সরকারের (২৬) সঙ্গে পাবনার ঈশ্বরদী উপজেলার শহিদ আমিনপাড়ার বীরেন চন্দ্র দাসের মেয়ে সমাপ্তির (২০) বিয়ে হয়। সমাপ্তি জানান, গত ২৭ নভেম্বর সকালে তিনি শ্বশুরবাড়ি নান্দরায়পুরে ছিলেন। ওই দিন যৌতুকের দাবিতে অনুকূল তাঁকে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। এরপর তাঁর মুখ বেঁধে সারা শরীরে কেরোসিন ঢেলে অনুকূল আগুন ধরিয়ে দেন। এ ঘটনার পর সমাপ্তিকে প্রথমে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। ঈশ্বরদী থানার ওসি সামিউল আলম জানান, শুক্রবার ভোরে লালপুর থানার পুলিশ অনুকূল সরকারকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। অনুকূল নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তাঁর শত্রুরা সমাপ্তির গায়ে আগুন দিয়েছে।