স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম তাঁর স্ত্রী রুনিরা বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রুনিরার বাবা গত সোমবার রাতে রায়পুর থানায় সেলিমের বিরুদ্ধে মামলা করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, প্রায় ছয়-সাত বছর আগে উপজেলার চরকাছিয়া গ্রামের জসিম উদ্দিন মোল্লার মেয়ে রুনিরা বেগমের সঙ্গে একই উপজেলার দেবীপুর গ্রামের মো. সেলিমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর সেলিম এক লাখ টাকা যৌতুক দাবি করেন। ওই টাকা দিতে অক্ষমতা প্রকাশ করায় তখন থেকেই সেলিম রুনিরাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সকালে সেলিম রুনিরাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। পরে তাঁর হাত-পা ও মুখ বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। রুনিরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।গতকাল মঙ্গলবার রুনিরার বাবা জসিম উদ্দিন বলেন, আগুনে তাঁর মেয়ের দুই হাত ও দুই পাসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন রুনিরার অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে মো. সেলিম অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ডিম ভাজার সময় গ্যাসের চুলা থেকে তাঁর স্ত্রীর শরীরে আগুন ধরে যায়। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর নিজের হাতও পুড়ে গেছে। মামলার সত্যতা নিশ্চিত করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ নাথ বলেন, আসামি সেলিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।