স্ত্রীর নির্দেশেই প্রবাসী স্বামীকে জবাই করে হত্যা!
স্ত্রীর নির্দেশেই বিজয় দিবসের রাতে চাচাশ্বশুর আলপু মিয়া জবাই করে হত্যা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সিঙ্গাপুরের প্রবাসী মাহফুজুল ইসলামকে (৪৫)। গত শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকার কবরস্থানের কাছ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।গতকাল রোববার দুপুরে মাধবপুর থানায় সাংবাদিকদের কাছে আলপু মিয়া এ হত্যার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘বিদেশ থেকে আসার পর মাহফুজুল আমার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। আমি তাঁকে টাকা দেওয়ার কথা বলে মাধবপুরে নিয়ে আসি। এবং তিন লাখ টাকার বিনিময়ে প্রদীপ ও তপনকে নিয়ে আসি। আমার সঙ্গে ছিল ইয়াকুব আলী। তাঁরা সবাই তাঁকে ধরে, আর আমি ছুরি দিয়ে জবাই করে হত্যা করি।’মাহফুজুল ইসলাম নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের আবদুর রশিদের ছেলে। ১৯৯৩ সাল থেকে তিনি সিঙ্গাপুরে চাকরি করে আসছিলেন। ১৯৯৭ সালে টেলিফোনে বিয়ে করেন খালাতো বোন একই জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরী গ্রামের হোসাই আহাম্মেদের মেয়ে সামছুন্নাহারকে (৩০)। বিয়ের পর থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। বাসার দেখাশোনা করতেন আলপু মিয়া।মামলার বাদী শওকত আলী বলেন, ‘চাচাশ্বশুর আলপু মিয়াকে বিশ্বাস করে মাহফুজুল ইসলাম বিদেশ থেকে টাকা পাঠাত। কিন্তু স্ত্রী আলপু মিয়াকে নিয়ে টাকাগুলো খরচ করত। স্ত্রীর প্রতি সন্দেহের কারণেই এত তাড়াতাড়ি দেশে ফিরেছিল মাহফুজুল। টাকাপয়সার কারণেই হয়তো মাহফুজুলকে হত্যা করা হয়েছে।’