স্ত্রীর নিষ্ঠুরতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংস্থা মানবাধিকার ব্যুরোর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম এ রহিমকে তাঁর স্ত্রী সাবিনা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রহিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সাবিনাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় রহিমের ছোট ভাই আবদুর রহমান বাদী হয়ে রায়পুর থানায় মামলা করেছেন। মামলায় সাবিনাসহ চারজনকে আসামি করা হয়।পরিবারিক সূত্র জানিয়েছে, এম এ রহিম তাঁর দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে রায়পুর সদরের বাস টার্মিনাল এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। তাঁর স্ত্রী সাবিনা আক্তার স্থানীয় লামছর আরএম বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা। মামলায় উল্লেখ করা হয়েছে, রহিম তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান দিগন্ত টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সের ৭০ হাজার টাকা নিয়ে বাসায় রেখেছিলেন। এই টাকা তাঁকে না জানিয়ে সাবিনা তাঁর এক খালুকে দিয়ে দেন। বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাত একটার দিকে রহিম ঘুমিয়ে পড়েন। এ সময় তাঁর স্ত্রী তাঁকে বঁটি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। কোপের আঘাতে রহিমের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে তাঁকে শ্বাসরোধেও হত্যার চেষ্টা চালানো হয়। রহিমের এক আত্মীয় কবির হোসেন জানান, স্থানীয় লোকজন রহিমকে উদ্ধার করে প্রথমে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার দুপুরে সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি এখনো শঙ্কামুক্ত নন।এদিকে ঘটনার পরপরই স্থানীয় লোকজন সাবিনাকে আটক করে থানার পুলিশে সোপর্দ করেন। থানাহাজতে সাবিনা দাবি করেন, স্বামীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বঁটি নিয়ে টানাহেঁচড়া করলে তাঁর স্বামীর শরীরে লেগে যায়। এরপর কী হয়েছে, তা তিনি বলতে পারবেন না। মামলার তদন্ত কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) শামছুল হক বলেন, ঘটনাটির তদন্ত চলছে।