স্ত্রীর পর মৃত্যুর কাছে হার মানলেন অগ্নিদগ্ধ সালামতও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সরকারি কর্মকর্তা সালামত হোসেনও (৫৫)। ৮ মার্চ রাজধানীর আজিমপুরে সরকারি স্টাফ কোয়ার্টারে নিজ বাসার রান্নাঘরে গ্যাসের আগুনে দগ্ধ হয়েছিলেন সালামত ও তাঁর স্ত্রী লাভলী বেগম (৪৫)। স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার মারা যান। গতকাল সোমবার সকালে মারা গেলেন সালামত হোসেন।
অগ্নিদগ্ধ সালামত দম্পতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। সালামত পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে। মেয়ে কলেজে ও ছেলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে।
৮ মার্চ ভোরে মা-বাবাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছিলেন কলেজপড়ুয়া লিমা। গতকাল বাবার মৃত্যুর খবরে হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন তিনি। শুক্রবার সন্ধ্যায় মা হারানোর পর গতকাল বাবাকেও হারালেন লিমা ও তাঁর ভাই। লিমার কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।
সালামত হোসেনের স্বজনেরা জানান, ৮ মার্চ সকালে সালামতের অফিসের বনভোজন ছিল গাজীপুরে। বনভোজনে যাওয়ার জন্য সেদিন ভোর ছয়টায় গোসলের পানি গরম করতে লাভলী বেগম বাসার রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালানো মাত্রই দাউদাউ করে আগুন ধরে যায়। আগুন তাঁর কাপড়েও ধরে যায়। তাঁর চিৎকার শুনে সালামত হোসেন রান্নাঘরে এসে স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেন। তখন তিনিও দগ্ধ হন। তাঁদের বাঁচাতে এসে মেয়ে লিমাও আহত হন। গুরুতর দগ্ধ অবস্থায় সালামত ও তাঁর স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার লাভলী বেগম ও গতকাল সালামত মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সূত্র জানায়, আগুনে সালামতের শরীরের ৩২ শতাংশ ও তাঁর স্ত্রীর শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।