স্ত্রীর পরকীয়ায় এক ব্যক্তি খুন?
স্ত্রীর পরকীয়ার জের ধরে শহীদ সরকার (৩২) নামের টাঙ্গাইল শিক্ষা প্রকৌশল কার্যালয়ের এক কর্মচারীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। গতকাল শুক্রবার সকালে জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের পূর্বপাড় দিঘলী গ্রামে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল জেলা সদরের কাজীপুর এলাকার শাহেদ আলী সরকারের ছেলে শহীদ সরকার টাঙ্গাইল শিক্ষা প্রকৌশল কার্যালয়ের পিওন কাম টাইপিস্টের চাকরি করতেন।
শহীদ সরকার বিয়ে করেন জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের পূর্বপাড় দিঘলী গ্রামের মো. ফাইনুছ ইসলামের মেয়ে ফাতেমা বেগমকে। এক ছেলেসন্তানের জননী ফাতেমা বেগম একই গ্রামের বাদলের ছেলে বাবু নামের এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এক মাসের জন্য বাড়িতে এসে ৩ মার্চ ফাতেমা বাবুর সঙ্গে চলে যান। ঘটনার দুই দিন পর ৫ মার্চ ফাতেমার বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
বাদলের সঙ্গে কথা বলে গত বৃহস্পতিবার ফাইনুছ ইসলাম মেয়ের খোঁজ জানতে পারেন। গতকাল সকাল আটটায় শ্বশুরের সঙ্গে তিনি স্ত্রীর খোঁজে পাশের গ্রামের গোপীনাথপুর গ্রামের ময়নার মোড় এলাকায় যান। সেখানে গেলে একদল দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। পিটিয়ে, শ্বাসরোধ ও অণ্ডকোষে আঘাত করে শহীদ সরকারকে ঘটনাস্থলে হত্যা করা হয়। এ সময় তাঁর শ্বশুরও গুরুতর আহত হন। তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তির ছোট ভাই কাওসার সরকার বলেন, ‘বড় ভাইয়ের শ্বশুর ফাইনুছ ইসলামকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছি।’
নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. মহব্বত কবীর বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’