স্ত্রীর পা ভেঙে দিলেন স্বামী
যৌতুকের দাবি মেটাতে না পারায় এক স্বামী তাঁর সদ্য বিবাহিত স্ত্রী লাবনী আক্তারকে (১৯) হাতুড়ি দিয়ে পিটিয়ে ডান পা ভেঙে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গত শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর কাছিপাড়া গ্রামের মুকুন্দ মাস্টারের বাগানে এ ঘটনা ঘটেছে।লাবনী ওই গ্রামের নুরুল ইসলাম খানের মেয়ে এবং উপজেলার আবদুর রশিদ চুন্নু মিয়া ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী। একই গ্রামের মৃত গোলাম মোস্তফা খানের ছেলে মিলন খানের (৩০) সঙ্গে গত মার্চ মাসে তাঁর বিয়ে হয়।লাবনী বলেন, ‘শুক্রবার বিকেলে আমাকে গয়না বানিয়ে দেওয়ার কথা বলে বাহিরচর বাজারের মা জুয়েলারিতে নিয়ে যায় মিলন। সেখানে নিয়ে একটি আংটির মাপও দেওয়া হয়। পরে আসার পথে মুকুন্দ মাস্টারের বাড়ির কাছে পৌঁছালে হঠাৎ মিলন কোমর থেকে হাতুড়ি বের করে আমার ডান পায়ের গোড়ালিতে আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। আমার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’কর্তব্যরত চিকিৎসক মুঈনা মাশকুরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, লাবনীর ডান পায়ের গোড়ালির ওপরের হাড় ভেঙে গেছে এবং কোমরসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, মিলন দীর্ঘদিন ধরে লাবনীকে বিয়ে করার জন্য বিভিন্নভাবে চাপ দেন। কোনোভাবেই লাবনী ও তাঁর পরিবারের লোকজন বিয়ের প্রস্তাবে রাজি হননি। পরে চলতি বছরের ৪ মার্চ মিলন তাঁকে তুলে নিয়ে যায় এবং বিয়ে করতে রাজি না হলে তাঁর একমাত্র ভাইকে খুন করার হুমকি দেয়। অবশেষে চাপের মুখে গত ১৩ মার্চ তিন লাখ টাকা দেনমোহরে আনুষ্ঠানিক বিয়ে হয়। কিছুদিন পর মিলন ব্যবসা করার কথা বলে লাবনীর বাবার কাছ থেকে এক লাখ টাকা নেন। গত এক মাস আগে আবার ব্যবসার জন্য আরও দুই লাখ টাকা দাবি করেন মিলন। এ সময় লাবনী তাঁকে জানিয়ে দেন, আর যৌতুক দিয়ে স্বামীর ঘর করার ইচ্ছা নেই এবং বাবার পক্ষে দুই লাখ টাকা যৌতুক দেওয়া সম্ভব না।