স্ত্রীর বিরুদ্ধে যৌতুক দাবির মামলা
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামে স্ত্রীর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন এক ব্যক্তি। গত সোমবার বরিশাল মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি করা হয়।
স্থানীয় বাসিন্দা ও আরজি সূত্রে জানা যায়, ২০১৪ সালে পূর্ব সুজনকাঠী গ্রামের কমল সুতার (৩০) প্রেম করে পরিবারের অমতে উজিরপুর উপজেলার উজিরপুর গ্রামের কবিতা হালদারকে (২০) বিয়ে করেন। এর এক বছর পর কবিতা বাবার বাড়ি যান। বাবার বাড়ি যাওয়ার পর তাঁর মধ্যে কিছুটা পরিবর্তন দেখা যায়। তিনি বাবা পরিমল হালদার, মা শিলা রানি ও ভাই রিপন হালদারের পরামর্শে ফিরে আসতে অস্বীকৃতি জানান।
কমল সুতার বলেন, ‘গত ২৬ সেপ্টেম্বর স্ত্রী কবিতাকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি যাই। সেখানে শ্যালক রিপন ও শাশুড়ি শিলা রানি লাঞ্ছিত করে আমাকে হত্যার হুমকি দেন। একপর্যায়ে কবিতা জানায়, সংসার করতে হলে তাঁর পরিবারকে দুই লাখ টাকা দিতে হবে। তা দিতে অস্বীকার করায় কথা-কাটাকাটির একপর্যায়ে কবিতা, তাঁর বাবা পরিমল হালদার, মা শিলা রানি ও ভাই রিপন হালদার লোকজন নিয়ে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।’
কবিতা রানি বলেন, কমলকে মারধর ও হুমকি দেওয়া হয়নি। প্রয়োজনে টাকাটা চাওয়া হয়েছে।
কবিতার বাবা পরিমল হালদার বলেন, স্ত্রী স্বামীর কাছে টাকা চাইতেই পারে। এটা দোষের কিছু নয়।
এলাকার কয়েকজন বলেন, বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে ১০ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের নেতা অধীর কুমার সরকারের বাড়িতে সালিস বসে। এতে উপস্থিত ছিলেন অধীর কুমার সরকার, বাসুদেব পাঁড়ে, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি কল্যাণ চন্দ্র প্রমুখ।
কল্যাণ চন্দ্র বলেন, বৈঠকে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু কবিতা দুই লাখ টাকা না পেলে স্বামীর বাড়ি না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনায় কমল সুতার বাদী হয়ে সোমবার কবিতা, তাঁর বাবা পরিমল হালদার, মা শিলা রানি ও ভাই রিপন হালদারকে আসামি করে যৌতুক মামলা করেন। আদালতের বিচারক শিহাবুল ইসলাম মামলাটি আমলে নিয়ে আগৈলঝাড়া উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা দীপিকা রানি সেনকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
দীপিকা রানি সেন গতকাল বুধবার মুঠোফোনে বলেন, ‘আদালতের আদেশ এখনো হাতে পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।’