স্ত্রীর ভালোবাসা ও সন্তানের প্রতি মায়ার টানে তাঁরা নেশার জগৎ থেকে আলোর পথে এসেছেন। ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। আবার নতুন করে স্বপ্ন দেখছেন ভালো কিছু করার।গত সোমবার রংপুরের একটি হোটেলে মাদকাসক্ত নিরাময়সম্পর্কিত এক পরামর্শ সভায় এমনই মাদকাসক্ত তিন ব্যক্তির সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার কথা জানা গেল। প্রতিদিন তাঁরা নেশার জগতে ডুবে থাকতেন। জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। স্ত্রীর সহযোগিতায় এখন তাঁরা ভালো হয়েছেন।তাঁরা হলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব কচুয়া গ্রামের ওয়ানুর রহমান (৪৩), রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়ার এহতেশামুল করিম (৩২) ও ঠিকাদারপাড়ার মাহে আলম (২৭)।ওয়ানুর রহমান বলেন, ‘২৫ বছর ধরে বিভিন্ন নেশায় আসক্ত ছিলাম। নেশার টাকা জোগাড় করতে স্ত্রীর শখের গয়না, বিয়ের শাড়িসহ সবই বিক্রি করেছি। ঘরের আসবাব বিক্রি করেও নেশার টাকা জোগাড় করেছি।’ ওয়ানুর রহমানের স্ত্রী রাশেদা রহমান বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস ছিল, আমার স্বামী সুস্থ জীবনে ফিরে আসবে। তার নেশার টাকাও একসময় আমি দিয়েছি। কিন্তু দূরে ঠেলে দিইনি। তাকে আগলে রেখে ভালোবেসে বুঝিয়েছি। চিকিৎসকের পরামর্শ নিয়েছি। “স্বপ্ন” নামের একটি মাদকাসক্ত নিরাময়কেন্দ্রে তার চিকিৎসা করিয়েছি। এখন সে ভালো আছে।’এহতেশামুল করিম বলেন, ‘আট বছর আগে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ি। পরিবারে নেমে আসে অশান্তি। উচ্চমাধ্যমিক পাস করার পর পড়াশোনাও আর বেশিদূর এগোয়নি। মাদকাসক্ত হয়ে পরিবারের সুনাম নষ্ট করেছি। বাড়ির মূল্যবান জিনিস ধ্বংস করেছি। এখন সুস্থ জীবনে এসেছি। এর পেছনে আমার স্ত্রীর অবদান সবচেয়ে বেশি। এ ছাড়া স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠানের ডেজলি আপার অবদান রয়েছে।’ এহতেশামুলের স্ত্রী রাশেদা করিম বলেন, ‘বিয়ের পর জানতে পারি, আমার স্বামী মাদকাসক্ত। প্রথম প্রথম ভয় করত। পরে স্বামীকে আদর-সোহাগ দিয়ে বুঝিয়ে অন্ধকার জীবন থেকে ফিরিয়ে আনি।’মাহে আলম বলেন, ‘বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে শখের বশে নেশার জগতে চলে যাই। সঙ্গ ভালো না হওয়ায় আমি ভুল পথে পা বাড়িয়েছিলাম। বোঝানোর কেউ ছিল না। বিয়ে করি তিন বছর আগে। আমাদের এক বছরের একটি সন্তান রয়েছে।’ মাহে আলমের স্ত্রী নাসিমা আক্তার বলেন, ‘মাদক ছাড়ার জন্য আমি সব সময় আমার সন্তানকে স্বামীর কোলে দিতাম। আর বলতাম, তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকো। তার ভবিষ্যতের কথা ভাবতে থাকো। নেশা তোমাকে শেষ করবে। আর শেষ করবে তোমার সন্তানকেও। এভাবে তাকে বুঝিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলা হয়। এখন সে ভালো।’মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ‘স্বপ্ন’র পরিচালক গুলশান আরা ইয়াসমীন বলেন, যারা মাদক আসক্ত, তাদের পরিবারের পক্ষ থেকে ভালোবাসতে হবে। তাদের দূরে ঠেলে দেওয়া যাবে না এবং সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত করতে হবে।