স্ত্রীর মর্যাদা চাইতে গিয়ে তরুণী নির্যাতনের শিকার!
বাগেরহাটের ফকিরহাটে স্ত্রীর মর্যাদা চাইতে গিয়ে এক তরুণী (২২) শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার পাগলা শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে।ওই তরুণীর ভাষ্যমতে, প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে পাগলা শ্যামনগর গ্রামের আল আমিন মোড়লের (২৮) সঙ্গে তাঁর বিয়ে হয়। তবে তাঁর কাছে বিয়ে-সংক্রান্ত কোনো কাগজপত্র নেই। বিয়ের পর আল আমিন খুলনায় তাঁর বাসায় গিয়ে থাকতেন। তিনি নিজেও ফকিরহাটে আল আমিনের দোকানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতেন। কিন্তু বাড়িতে নেওয়ার কথা বললে আল আমিন গড়িমসি করতেন। গতকাল সকাল সাড়ে আটটার দিকে তিনি খুলনা থেকে ফকিরহাটে এসে আল আমিনের দোকানে যান। ওই সময় দোকান বন্ধ থাকায় তিনি আল আমিনের বাড়িতে যান। কিন্তু আল আমিন তাঁকে স্ত্রী হিসেবে মেনে নিতে অস্বীকার করেন। একপর্যায়ে আল আমিন, তাঁর প্রথম স্ত্রী ময়না ও মা রাজিয়া লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেদম মারধর করে আটকে রাখেন এবং চুল কেটে দেন।পুলিশ জানায়, এ ঘটনায় ওই তরুণী গতকাল বিকেলে ফকিরহাট থানায় আল আমিন, আল আমিনের প্রথম স্ত্রী ময়না বেগম (২৫) ও মা রাজিয়া বেগমের (৪৮) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ আল আমিনের বাড়ি থেকে ওই তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আল আমিন ওই তরুণীর সঙ্গে তাঁর অনেক দিনের পরিচয় ও ঘনিষ্ঠতার কথা স্বীকার করলেও বিয়ের কথা অস্বীকার করেছেন।