স্ত্রীর মর্যাদার দাবি কলেজ ছাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর মর্যাদার দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া খন্দকার। তিনি কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের প্রভাষক সাইফুল ইসলাম মজুমদারের কাছে এই দাবি জানান।
গতকাল দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা নগরের টমছমব্রিজ এলাকায় ওই সংবাদ সম্মেলন হয়। সুমাইয়ার বাড়ি কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা এলাকায়। সাইফুলের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আঙ্গলখোড় গ্রামে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুমাইয়া খন্দকার দাবি করেন, ২০১৫ সালে কুমিল্লা নগরের নজরুল অ্যাভিনিউ এলাকার এক চিকিত্সকের চেম্বারে কাজ করতেন তিনি। ওই সময়ে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রভাষক সাইফুল ইসলামের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৫ সালের ২৭ ডিসেম্বর বিয়ের কথা বলে সাইফুল তাঁকে বাগেরহাটের মোংলার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে তাঁরা বিয়ে করেন এবং চার দিন বাগেরহাটে অবস্থান করেন। এরপর কুমিল্লার হাউজিং এস্টেটের ৩ নম্বর সেকশনের একটি ভাড়া বাড়িতে ওঠেন। একপর্যায়ে সুমাইয়া বিয়ের কাবিননামা চাইলে সাইফুল ক্ষিপ্ত হন এবং ওই বাসায় যাতায়াত বন্ধ করে দেন।
সংবাদ সম্মেলনে ওই ছাত্রী দাবি করেন, একপর্যায়ে তিনি সাইফুলের গ্রামের বাড়ি নাঙ্গলকোট উপজেলার আঙ্গলখোড় গ্রামে যান। সেখানে যাওয়ার পর সাইফুলের পরিবারের সদস্যরা তাঁকে জানান, এক বছর আগে সাইফুল বিয়ে করেছেন। তখন তিনি (ছাত্রী) তাঁদের জানান, সাইফুল তাঁকে বিয়ে করেছেন। তখন তাঁরা (সাইফুলের মা-বাবা) ওই ছাত্রীর কাছে বিয়ের প্রমাণ চান। প্রমাণ হিসেবে তাঁদের অন্তত শতাধিক ছবি দেখান তিনি। এতেও কোনো কাজ হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে গত ৮ জুন কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন তিনি। মামলা দায়েরের পর ওই ছাত্রীকে নানাভাবে হুমকি দেওয়া হয়। এ বিষয়ে তিনি (সুমাইয়া) কোতোয়ালি মডেল থানায় জিডি করেন। পরে বিষয়টি মিটমাট করার জন্য সাইফুলের পরিবার তাঁর পরিবারকে পাঁচ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
অভিযোগ প্রসঙ্গে সাইফুল ইসলাম মজুমদার বলেন, ‘সুমাইয়ার সঙ্গে বাগেরহাট গিয়েছি, সেটি সত্য। তবে তাঁর সঙ্গে আমার কোনো বিয়ে হয়নি। হাউজিংয়ে তাঁর বাসায় গিয়েছি। বিয়ে যদি হতো, তবে কাবিননামা থাকত।’ বাগেরহাট ও হাউজিং এস্টেটের বাসায় তোলা ওই ছাত্রীর সঙ্গে থাকা বহু অন্তরঙ্গ ছবির বিষয়ে তিনি বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য এ কাজ করা হচ্ছে। মেয়েটির আগে বিয়েও হয়েছিল।’