স্ত্রীর মামলায় বিচারকের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় যৌতুকের মামলা করার পাঁচ বছর পর এক বিচারকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সাতক্ষীরার বিচারিক হাকিম হাবিবুল্লাহ মাহমুদের আদালতে গত বুধবার এ অভিযোগ গঠন করা হয়।
মামলাটির আসামি হলেন বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সিরাজুল ইসলাম। তাঁর উপস্থিতিতে শুনানি শেষে ওই অভিযোগ গঠন করা হয়। আগামী ১০ আগস্ট মামলাটির সাক্ষ্যের জন্য দিন ধার্য করা হয়েছে।
আদালতের পেশকার আবদুস সালাম প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাদীপক্ষের আইনজীবী ফরহাদ হোসেন বলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রামের সিরাজুল ইসলাম নাংলা গ্রামের মারুফা খাতুনকে ২০১১ সালে বিয়ে করেন। এর ৯-১০ মাস পর সিরাজুলের দাবি করা ১৫ লাখ টাকা যৌতুক দিতে না পারায় মারুফাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় মারুফা ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর সাতক্ষীরার বিচারিক হাকিমের আদালতে সিরাজুল, তাঁর বাবা আমীন গাজী, মা হাসিনা বেগম ও ভাই রেজাউল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। আদালত ঘটনাটি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে তদন্ত করে সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিমের আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ৩০ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম শহীদুল ইসলাম ২০১৪ সালের ৪ মার্চ তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সিরাজুল ইসলামকে তলবের নির্দেশ দেন।
পাশাপাশি মামলাটি জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে বিচারের জন্য পাঠান। তিনি মামলাটি থেকে অন্যদের অব্যাহতি দেন। এরপর বুধবার অভিযোগ গঠন করা হলো।
এ বিষয়ে পর পক্ষ থেকে কথা বলার জন্য চেষ্টা করেও সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।