স্ত্রীর মামলায় বিটিভির নির্বাহী প্রযোজক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর করা যৌতুকের মামলায় বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী প্রযোজক জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গুলশান থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, জাহিদুল ইসলামের বিরুদ্ধে তাঁর স্ত্রী ঢাকার আদালতে যৌতুকের মামলা করেন। পরে আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানা মোতাবেক জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই ফরিদ মিয়া প্রথম আলোকে বলেন, যৌতুকের মামলায় আজ বিটিভির নির্বাহী প্রযোজক জাহিদুল ইসলামের পক্ষে আদালতে জামিন চাওয়া হয়। আদালত কাল বুধবার তাঁর জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।

আদালত সূত্র নিশ্চিত করেছে, জাহিদুল ইসলামের স্ত্রী শামসুননাহার বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। আদালত জাহিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।