৫০ লাখ টাকা যৌতুক দাবি করে অত্যাচারের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তাঁর স্ত্রী। আদালত মামলাটি আমলে নিয়ে গত সোমবার ওই শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
অভিযুক্ত শিক্ষকের নাম হাফিজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষক।
আদালত সূত্রে জানা গেছে, হাফিজুরের স্ত্রী সুলতানা পারভীন গত সোমবার রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জুলফিকার উল্লাহর আদালতে হাজির হয়ে অভিযোগ করেন। বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন এবং আগামী ১৮ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন।
বাদীর আইনজীবী শামসাদ বেগম বলেন, ২০০৪ সালের ৩১ জানুয়ারি হাফিজুরের সঙ্গে সুলতানা পারভীনের বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে আসামি যৌতুকের জন্য বাদীকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করেছিলেন। সন্তানের কারণে বাদী তা সহ্য করেন। কিন্তু আসামির অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তে থাকে। সর্বশেষ গত ৩০ এপ্রিল আসামি ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রী-সন্তানদের রাজশাহী নগরের একটি ভাড়া বাড়িতে রেখে চলে যান। বাদী বিষয়টি আপস-মীমাংসার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে ব্যর্থ হওয়ায় আদালতে মামলা করেন।
এ ব্যাপারে জানতে হাফিজুরের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়। ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘হাফিজুরের পারিবারিক সমস্যা চলছিল বলে শুনেছি। এ বিষয়ে তাঁর সঙ্গে আমি বসতে চেয়েছিলাম, কিন্তু বসা হয়নি। আজ মঙ্গলবার তিনি বিভাগেও আসেননি।’