স্ত্রীর রহস্যজনক মৃত্যুতে জামালপুরে এসআইকে পিটুনি
জামালপুর জিআরপি থানায় স্ত্রী সেলিনা আফরোজের লাশের খোঁজ নিতে গিয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) এ জেড মনিরুজ্জামান গণপিটুনির শিকার হয়েছেন। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। সেলিনার মৃত্যুর ঘটনায় জিআরপি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তাঁর বাড়ি সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা মধ্যবাজার এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এসআই মনিরুজ্জামান ময়মনসিংহ পৌর এলাকার সানকিপাড়ায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বাস করেন। গত শনিবার দুপুরে ময়মনসিংহ শহরের খাগডহর রেলক্রসিংয়ের কাছে সেলিনার লাশ পাওয়া যায়। ওই স্থানটি রেলওয়ের জামালপুর অঞ্চলের আওতাভুক্ত। এ কারণে ময়মনসিংহ জিআরপি থানার পুলিশ লাশ উদ্ধার করে রাতেই জামালপুর জিআরপি থানায় পাঠায়। সেলিনার মৃত্যুর খবর পেয়ে স্বজনেরা রাতেই জামালপুর জিআরপি থানায় আসেন। এসআই মনিরুজ্জামানও রাতেই সেখানে তাঁর স্ত্রীর লাশের খোঁজ নিতে যান। এ সময় থানার চারদিকে অপেক্ষমাণ বিক্ষুব্ধ লোকজন এসআই মনিরুজ্জামানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে এসআই মনিরুজ্জামান জিআরপি থানা থেকে পালানোর চেষ্টা করলে বিক্ষুব্ধ লোকজন তাঁকে পিটুনি দেয়। পুলিশ লোকজনের রোষানল থেকে তাঁকে উদ্ধার করে থানা হেফাজতে রাখে। জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ওই এসআইয়ের বিরুদ্ধে থানায় কোনো মামলা না হওয়ায় গতকাল রোববার দুপুরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আর গতকাল ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এসআই মনিরুজ্জামান সম্প্রতি জাতিসংঘ শান্তি মিশন থেকে দেশে ফেরেন। তিনি নতুন কর্মস্থলে এখনো যোগ দেননি বলে জানা গেছে।