স্ত্রীর লাশ উদ্ধার স্বামী আটক
রংপুর নগরের আলমনগর খামার এলাকার একটি ভাড়া বাসা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে সানজিদা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামীকে আটক করা হয়েছে।
সানজিদা (১৯) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কলোসিয়াপাড়ার সোহরাব হোসেনের মেয়ে। গত ১৯ জানুয়ারি তাঁর বিয়ে হয়। তাঁর স্বামী বিপ্লব মিয়া (২০) ধর্মান্তরিত হয়েছিলেন।
পুলিশ সূত্র জানায়, নগরের আলমনগর খামার এলাকার ভিআইপি রোডে আশরাফুল আলমের বাড়ির একটি দোচালা ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন এই দম্পতি। বিপ্লব শহরের এরশাদনগর এলাকার অশোক চন্দ্র রায়ের ছেলে। ধর্মান্তরিত হওয়ার আগে তাঁর নাম ছিল বিপ্লব চন্দ্র রায়।
বাড়ির মালিক আশরাফুল আলম বলেন, গত ১৭ মার্চ এই দম্পতি তাঁর বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। দুজনের মধ্যে তেমন মনোমালিন্য দেখা যায়নি। এর বেশি কিছু তিনি জানেন না বলে জানান।
আটক বিপ্লব মিয়ার বরাত দিয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ বলেন, বিপ্লব ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁর স্ত্রী বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পরে তিনি লাশ নামিয়ে বিছানায় রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ বলেন, সানজিদার গলায় দাগ রয়েছে। তবে এটি আত্মহত্যা, না হত্যা, তা ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বলা সম্ভব নয়।