স্ত্রীর লাশ ফেলে রেখে স্বামী লাপাত্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রোমানা বেগম (২২) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গতকাল শুক্রবার দুপুরে তাঁকে নিয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বামী রিপন আহমদ। জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর চিকিৎসক জানান, রোমানা মারা গেছেন। এ কথা শুনে স্ত্রীর লাশ সেখানে ফেলে রেখে লাপাত্তা হয়ে যান রিপন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।রিপনের বাড়ি জকিগঞ্জের কাজলশাহ ইউনিয়নের দক্ষিণ পলাশ গ্রামে। প্রায় ছয় মাস আগে রোমানার সঙ্গে বিয়ে হয় রিপনের।জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন কুমার নাথ জানান, রোমানার মৃত্যুর বিষয়টি পুলিশ জানতে পারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হানিফউদ্দিন আহমদের কাছ থেকে। স্বাস্থ্য কর্মকর্তা পুলিশকে জানান, হাসপাতালে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। লাশ ফেলে রেখে স্বামী পালিয়ে গেছেন। কিছু অবাঞ্ছিত লোক স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে লাশ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এ খবর পেয়ে পুলিশ রোমানার লাশ উদ্ধার করে।জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হামিদুর রহমান জানান, রোমানার শরীরে কোনো ক্ষতচিহ্ন ছিল না। তবে মুখ থেকে ফেনা ঝরছিল এবং চোখ ও হাত-পা নীল দেখা গেছে। মৃত্যুর কারণ নিয়ে এলাকাবাসীর কাছে কিছু কথা জানা গেছে। পুলিশ তদন্ত করে দেখছে।রোমানার বাবা মইনুল হক বলেন, ‘রোমানা আত্মহত্যা করেছে বলে আমাদের জানানো হয়েছে। মেয়েটি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল। কোনো নারী এ সময়ে আত্মহত্যার কথা চিন্তা করতে পারে না।’রোমানার স্বামী রিপনের মুঠোফোনে একাধিকবার ফোন করেও বন্ধ পাওয়া যায়। তাঁর পরিবারের সদস্যরা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।