স্ত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে কাঁটা ঢুকিয়ে নির্যাতন!
স্ত্রীকে মাঠে ডেকে নিয়ে গিয়ে প্রথমে হাত-পা বেঁধে ফেলেন স্বামী আবদুল হামিদ। এরপর তিনি হাঁসুয়া দিয়ে স্ত্রীর মাথার চুল কেটে শরীরের স্পর্শকাতর জায়গায় খেজুরের কাঁটা ঢুকিয়ে নির্যাতন চালান। ঘটনাটি ঘটেছে গত বুধবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোগরগাড়া গ্রামে।আশঙ্কাজনক অবস্থায় গত বৃহস্পতিবার গৃহবধূ টগরজানকে (৪৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার সকালে চিকিৎসকেরা তাঁর স্পর্শকাতর স্থান থেকে সর্বশেষ দুটি কাঁটা অপসারণ করেছেন।হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন টগরজান প্রথম আলোকে বলেন, বুধবার তাঁর স্বামী ঘাস কাটার জন্য তাঁকে মাঠে ডেকে নিয়ে যান। দুজনে মিলে ঘাস কাটার পর দুপুরের দিকে আবদুল হামিদ টগরজানকে পাশের একটি আখখেতের মধ্যে নিয়ে দড়ি দিয়ে হাত-পা বেঁধে ফেলেন। এরপর তিনি হাঁসুয়া ধার দিয়ে টগরজানের মাথার চুল কাটেন। কারণ জানতে চাইলে আবদুল হমিদ তাঁর গলায় হাঁসুয়া ধরে বলেন, ‘তোকে জবাই করব। তুই যদি বলিস কার কার সঙ্গে তোর খারাপ সম্পর্ক রয়েছে, তাহলে তোকে ছেড়ে দেব।’ এ সময় টগরজান জীবন বাঁচানোর জন্য কয়েকজনের নাম বলেন। আবদুল হামিদ মুঠোফোনে তা রেকর্ড করেন। এরপর খেজুরের কাঁটা নিয়ে এসে টগরজানের স্পর্শকাতর স্থানে একের পর এক খেজুরের কাঁটা ঢোকাতে থাকেন।মুখে কাপড় গুঁজে দেওয়ার কারণে টগরজান চিৎকার করতে পারেননি। একপর্যায়ে টগরজান জ্ঞান হারিয়ে ফেলেন। স্বামী চলে যাওয়ার পর জ্ঞান ফিরলে টগরজান অনেক চেষ্টা করে হাত-পায়ের বাঁধন খোলেন। তিনি নিজেই কয়েকটি কাঁটা তুলে ফেলেন এবং বাড়ি ফিরে আসেন। ঘটনার পর থেকে তাঁর স্বামী আর বাড়ি ফেরেননি। বাড়ি ফেরার পর টগরজান গুরুতর অসুস্থ হয়ে পড়লে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হয়। বৃহস্পতিবার তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।টগরজানের সঙ্গে হাসপাতালে এসেছেন তাঁর ভাসুরের মেয়ে বিনা খাতুন। তিনি বলেন, তাঁর চাচি সাত সন্তানের মা। মেয়ের বিয়ে দিয়েছেন। ছোট ছেলের বয়স এখন নয় বছর। চাচির চরিত্র সম্পর্কে তাঁরা কোনো দিন খারাপ কিছু শোনেননি।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ফেরদৌস বলেন, টগরজানের ওপর যে ধরনের নির্যাতন করা হয়েছে, তা সব বর্বরতাকে হার মানিয়েছে। চিকিৎসক নূর-ই-জান্নাত বলেন, শুক্রবার সকালে তিনি টগরজানের শরীর থেকে সর্বশেষ দুটি কাঁটা অপসারণ করেছেন।কুষ্টিয়ার দৌলতপুর থানার উপপরিদর্শক আবদুল খালেক বলেন, বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর ছেলে বাদী হয়ে তাঁর বাবাকে আসামি করে মামলা করেছেন। আসামি পলাতক রয়েছেন।