স্ত্রীর সম্ভ্রমহানির জন্য সাক্ষী দায়ী করলেন আজহারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী এক মুক্তিযোদ্ধা। জবানবন্দিতে তিনি মুক্তিযুদ্ধকালে তাঁর স্ত্রীর সম্ভ্রমহানির জন্য আজহারুলকে দায়ী করেছেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ওই মুক্তিযোদ্ধা জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর গ্রামের বাড়ি রংপুরের কোতোয়ালি থানার কাছনা তাকেয়াপাড়া গ্রামে। একাত্তরে তিনি মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে ভারতে চলে যান। প্রশিক্ষণ শেষে দেশে ফিরে জানতে পারেন, রংপুরের টাউন হলে আটকে রেখে পাকিস্তানি সেনারা তাঁর স্ত্রীকে ধর্ষণ করেছে।
ট্রাইব্যুনালে আবেগাপ্লুত হয়ে রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, ‘আমি দেশকে ভালোবাসি। দেশকে ভালোবেসেই মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। পাকিস্তানি সেনারা বহুদূর থেকে আমার দেশে এসেছিল। তারা গ্রাম চিনত না, বাড়ি চিনত না। এ টি এম আজহারই আমার বাড়ি চিনিয়ে দিয়েছেন। আর এ জন্য আমার স্ত্রী বেইজ্জতি (ধর্ষণের শিকার) হয়েছেন। আমি এ টি এম আজহারের বিচার চাই।’
জবানবন্দির শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষের এই সাক্ষী আসামির কাঠগড়ায় থাকা এ টি এম আজহারুল ইসলামকে শনাক্ত করেন। পরে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।
মীর কাসেমের বিরুদ্ধে মামলায় আরও দুজনের সাক্ষ্য: জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রাষ্ট্রপক্ষে আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী মো. হাসান ও ১৪তম সাক্ষী ফয়েজ আহমেদ সিদ্দিকী সাক্ষ্য দেন। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ দিন ধার্য করা হয়েছে।