স্ত্রীর সামনে গুলি করে হত্যা
বাগেরহাটে মাহমুদ মোল্যা (৩০) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে বাগেরহাট-চিতলমারী সড়কের বাগেরহাট পৌরসভার হাড়িখালী এলাকায় রাস্তার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। সুন্দরবনের খালে গত বৃহস্পতিবার স্ত্রীর সামনে গুলি করে বাদশা হাওলাদার নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
মাহমুদ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দেবরাজ গ্রামের ইউনুস মোল্লার ছেলে। তিনি ঢাকার একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
পারিবারিক বিরোধের জের ধরে মাহমুদকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। তবে পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত যুবকের বাবা ইউনুস মোল্লা জানান, স্ত্রীর সঙ্গে মাহমুদের বনিবনা হচ্ছিল না। এ বিষয়টি নিয়ে শুক্রবার (গতকাল) সকালে উভয় পক্ষের লোকজনকে নিয়ে বাগেরহাট পৌরসভায় বসার কথা ছিল। সেই অনুযায়ী মাহমুদ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা দিচ্ছেন বলে মুঠোফোনে তাঁকে জানান। গতকাল সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে তিনি গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী বলেন, স্থানীয় লোকজন রাস্তার পাশে মাহমুদের লাশ পড়ে থাকতে দেখে তাঁদের খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের গলায় রশির দাগ রয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে মাহমুদকে প্রতিপক্ষের লোকজন শ্বাসরোধে হত্যা করে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে মুক্তিপণের টাকা পরিশোধের পর সুন্দরবনে স্ত্রীর সামনে গুলি করে বাদশা হাওলাদার (৫২) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা ক্যাম্পের রায় বাগনি খাল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ রাত সাড়ে আটটায় ওই খাল থেকে বাদশা হাওলাদারের লাশ উদ্ধার করেছে। বাদশা বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা।
নিহত ব্যক্তির স্ত্রী শেফালী বেগম বলেন, ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অস্ত্রধারীরা গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোর রাতে তাঁর স্বামীকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। তিনি স্বামীকে উদ্ধার করতে দুর্বৃত্তদের কথামতো বৃহস্পতিবার বিকেলে পাঁচ লাখ টাকা নিয়ে রায় বাগনি খাল এলাকায় যান। সেখানে পাঁচ লাখ টাকা পাওয়ার পর তাঁর সামনেই নৌকায় বসে থাকা অবস্থায় বাদশাকে তিন মুখোশধারী সন্ত্রাসী গুলি করে চলে যায়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, পুলিশ সুন্দরবনের ভোলা ক্যাম্পের রায় বাগনি খাল থেকে বাদশার লাশ উদ্ধার করেছে।