স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় গত বুধবার গভীর রাতে স্ত্রীর হাত-মুখ বেঁধে তাঁর চোখের সামনে স্বামী নুরুল ইসলামকে (৩৫) সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন স্ত্রী কহিনুর বেগম (৩০)। নুরুল ইসলাম চিত্রকোর্ট ইউনিয়নের কার্তিকপুর গ্রামের ওমর আলীর ছেলে। পুলিশ জানায়, নুরুল ইসলাম চিত্রকোট ইউনিয়নের মিয়া খানের বাড়িতে তত্ত্বাবধায়কের কাজ করতেন। ঘটনার দিন বুধবার গভীর রাতে তিনি মিয়াখানের বাড়িতে পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় তিন-চারজন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ঘরে ঢুকে প্রথমে তাঁর স্ত্রীর হাত দড়ি দিয়ে বাঁধে। এরপর তাঁর মুখ টেপ দিয়ে আটকে দেওয়া হয়। এরপর তারা স্ত্রীর সামনেই নুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় তারা স্ত্রী কহিনুর বেগমকেও ছুরিকাঘাত করে। খবর পেয়ে পুলিশ গিয়ে নুরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, নুরুল ইসলামের স্ত্রী কহিনুর হত্যাকারীদের চিহ্নিত করতে পেরেছেন। হত্যাকারীরা পাশের বাড়ির লোকজন। এখনো এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে। ওসি জানান, ধারণা করা হচ্ছে, পূর্ব কোনো বিরোধ অথবা মাদকসংক্রান্ত কারণে তাঁকে হত্যা করা হতে পারে।