স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে ৩৮ দিন
স্ত্রীর স্বীকৃতি পেতে ৩৮ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক প্রেমিকা। যৌতুক নিয়ে দর-কষাকষির কারণে থেমে আছে বিয়ের আয়োজন।গত সোমবার সরেজমিনে জানা গেছে, উপজেলার নলকা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের এক মেয়ের (১৮) সঙ্গে পাশের বাড়ির আবদুস সামাদের ছেলে আমিরুল ইসলামের (২০) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক। অবশেষে দুজনে ঘরসংসার করতে সম্মত হন। এরই সূত্র ধরে গত ১৭ ফেব্রুয়ারি আমিরুল ইসলামের সঙ্গে এসে তাঁর ঘরে ওঠেন প্রেমিকা। এরপর বিয়ের দেনমোহর আর যৌতুকের টাকার অঙ্ক নিয়ে শুরু হয় দুই পক্ষের মন-কষাকষি। ছেলে পক্ষের দাবি, এক লাখ টাকার দেনমোহর ধার্য হলে মেয়ের পক্ষকে ৫০ হাজার টাকা যৌতুক দিতে হবে। এ ক্ষেত্রে মেয়ের পক্ষ ৩০ হাজার টাকা দিতে রাজি হয়। এ নিয়ে বিবাদ শুরু। নলকা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মহির উদ্দিন ও সাবেক সদস্য কোরবান আলী কয়েক দফায় বৈঠক করেও এ সমস্যার সমাধান করতে ব্যর্থ হন। এর মধ্যে দুই পক্ষের লোকজনের মধ্যে দুই দফায় সংঘর্ষও হয়। এ নিয়ে মেয়ের পক্ষ সিরাজগঞ্জ নারী ও শিশু আদালতে আর ছেলের পক্ষ সলঙ্গা থানায় মামলা করেন। কিন্তু ১৮ ফেব্রুয়ারি থেকে প্রেমিক আমিরুল ইসলাম পলাতক রয়েছেন।ছেলের বাবা আবদুস সামাদ বলেন, ‘আমিরুল আমাদের তত্ত্বাবধানেই আছে। তবে বিষয়টি নিষ্পত্তির জন্য বৈঠকে দশজনে যে রায় দেবেন, তা-ই মেনে নেব।’প্রেমিকা বলেন, ‘আমাকে স্ত্রীর মর্যাদা না দেওয়া পর্যন্ত এই বাড়িতেই থাকব। দরকার হলে এখানেই মরব।’মেয়ের বাবা বলেন, ‘বিয়ে করার কথা বলে আমার মেয়েকে ঘর থেকে বের করে নিয়ে এখন টালবাহানা শুরু করেছে।’নলকা ইউপি চেয়ারম্যান আজাদুর রহমান বলেন, ‘গ্রামের লোকজন পাঁচ-ছয়বার চেষ্টা করেও দুই পক্ষকে সমঝোতায় আনতে পারেনি। এখন সমঝোতার চেষ্টা বাদ দিয়েছি।’সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়জুল ইসলাম বলেন, ‘বিষয়টির মীমাংসা করার জন্য স্থানীয় লোকজন চেষ্টা করছে। এ জন্য আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি না। তবে অভিযোগের তদন্ত করে প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে।’