স্ত্রীর হাত-পা ভেঙে দেওয়া স্বামী জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের জন্য মেরে স্ত্রী রিফাহ তাসফিয়ার হাত-পা ভেঙে দেওয়া মামলায় গতকাল বুধবার স্বামী সামিউল হক ওরফে সোয়াদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ জানান, গতকাল দুপুর ১২টার দিকে সামিউলকে রাজশাহী মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিফাহ তাসফিয়ার চাচা আবু সাঈদ জানান, মেয়েকে একটা বাসার মধ্যে দরজা বন্ধ করে জিআই পাইপ দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, বুক-পিঠের হাড় ভেঙে দেওয়া হয়েছে। এ সময় মেয়ে চিৎকার করেছে। কিন্তু পরিবারের কোনো সদস্য এগিয়ে যাননি। তিনি বলেন, এ রকম ঘটনায় মানুষ দরজা ভেঙে ভিকটিমকে উদ্ধার করে। কিন্তু সামিউলের মা, ভাই কেউ মেয়েটাকে উদ্ধারে এগিয়ে আসেনি। এ মামলায় তাঁদেরও আসামি করা হয়েছে। পুলিশ তাঁদের কাউকে গ্রেপ্তার করেনি বা থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম বলেন, মেয়েটা শঙ্কামুক্ত। তবে হাত-পা যেভাবে ভেঙেছে, তার সুস্থ হতে সময় লাগবে।

অন্য আসামিদের গ্রেপ্তার না করার ব্যাপারে জানতে চাইলে ওসি আমানুল্লাহ বলেন, সবাই তো আর মারেনি। যে প্রধান আসামি তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের জিজ্ঞাসাবাদ করে যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হবে।

বছর দেড়েক আগে রাজশাহী নগরের লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার আবদুস সালামের মেয়ে রিফাহ তাসফিয়ার সঙ্গে নগরের ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকার ফজলুল হকের ছেলে সামিউল হক ওরফে সোয়াদের বিয়ে হয়। পরিবারের অমতে দুজনে প্রেম করে বিয়ে করেন। রিফাহ তাসফিয়া মা-বাবার একমাত্র সন্তান হওয়ার কারণে তাঁর পরিবার তাঁদের বিয়েটা মেনে নেয়। এরপর থেকেই মেয়ে মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসতেন। কিন্তু কোনো দিন মাকে জানাননি যে স্বামীর নির্যাতনের কারণে তিনি মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসতেন। কয়েক দিন আগে থেকে স্বামী তাঁকে বাবার বাড়ি থেকে তিন লাখ টাকা আনতে চাপ দিচ্ছিলেন। এরই জের ধরে গত সোমবার দুপুরে তাঁর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়।