ফেনীতে ব্যবসায়ী আবুল হাসান মাহমুদ কায়সার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাঁর স্ত্রী শাহনাজ নাদিয়া। গতকাল রোববার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. খায়রুল আমিনের আদালতে তিনি এ জবানবন্দি দেন।
গত শনিবার রাতে ফেনী মডেল থানার পুলিশ আবুল হাসান মাহমুদ কায়সারের স্ত্রী শাহনাজ নাদিয়াকে গ্রেপ্তার করে।
গত শুক্রবার রাতে ব্যবসায়ী কায়সারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, গত শনিবার রাতে আবুল হাসান মাহমুদ কায়সারের বাবা আবুল খায়ের পুত্রবধূ শাহনাজ নাদিয়া ও তাঁর ‘প্রেমিক’ মো. হারুনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে হত্যা মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর আবুল হাসান মাহমুদ কায়সারের সঙ্গে ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর গ্রামের শাহনাজ নাদিয়ার বিয়ে হয়। বিয়ের আগে মো. হারুন নামের একজনের সঙ্গে শাহনাজ নাদিয়ার প্রেমের সম্পর্ক ছিল। এ বিষয়টি তাঁদের জানা ছিল না। বিয়ের পরও শাহনাজ নাদিয়া পুরোনো প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখেন এবং নিয়মিত মুঠোফোনে কথা বলতেন। গত শুক্রবার রাত আটটায় শাহনাজ চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে স্বামীকে নিয়ে বাড়ি থেকে বের হন।
ফেনী মডেল থানার এসআই মো. আলমগীর হোসেন জানান, শাহনাজ নাদিয়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।