স্ত্রীর 'দান' আর 'ধার' থেকে ব্যয় মেটাবেন দুই প্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রধান দুই দলের সমর্থিত মেয়র পদপ্রার্থীরা তাঁদের স্ত্রীর থেকে পাওয়া ‘দান’ আর ‘ধারের’ টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন। আওয়ামী লীগ-সমর্থিত বদরউদ্দিন আহমদ কামরান স্ত্রী আসমা কামরানের কাছ থেকে ‘দান’ হিসেবে পাঁচ লাখ টাকা পেয়েছেন। অন্যদিকে বিএনপি-সমর্থিত আরিফুল হক চৌধুরী তাঁর স্ত্রী সামা হক চৌধুরীর কাছ থেকে তিন লাখ ৫০ হাজার টাকা ‘ধার’ করেন।নির্বাচন কমিশনে জমা দেওয়া দুজনের হলফনামায় নির্বাচনী খরচ ও আয়ের উৎস ঘেঁটে এমনই তথ্য পাওয়া গেছে। কামরান নিজের আয় থেকে আট লাখ, যুক্তরাজ্যপ্রবাসী বোন জোবেদা আহমদের দানের দুই লাখ টাকাসহ সর্বমোট ১৫ লাখ টাকা খরচ করবেন।কামরানের সম্ভাব্য নির্বাচনী ব্যয় হিসেবে পোস্টার বাবদ ৯০ হাজার টাকা, বিভিন্ন জায়গায় নির্বাচনী কার্যালয় বাবদ এক লাখ ৮৯ হাজার, প্রার্থীর কেন্দ্রীয় কার্যালয় বাবদ ৪৫ হাজার, প্রার্থীর যাতায়াত বাবদ এক লাখ ৩৭ হাজার ৫০০, ঘরোয়া বৈঠক বাবদ ৩৫ হাজার, প্রচারপত্র বাবদ দুই লাখ ৫০ হাজার, স্টিকার বাবদ ৫০ হাজার, ব্যানার বাবদ ৯৭ হাজার ৭০০, ডিজিটাল ব্যানার বাবদ ৩৬ হাজার, পথসভা বাবদ ৩০ হাজার, মাইকিং বাবদ এক লাখ ৬৬ হাজার ৫০০ এবং বিভিন্ন খাতে আরও দুই লাখ ৮২ হাজার টাকা দেখানো হয়েছে। এতে তাঁর সর্বমোট নির্বাচনী ব্যয় হবে ১৪ লাখ আট হাজার ৭০০ টাকা।বদরউদ্দিন আহমদ কামরান প্রথম আলোকে বলেন, ‘এখানে লুকোচুরির কিছু নেই। নির্বাচনী আয়-ব্যয়সংক্রান্ত যেসব তথ্য হলফনামায় দিয়েছি, তার সবই ঠিক আছে।’আরিফুল হকের হলফনামায় দেখা গেছে, তিনি স্ত্রীর কাছ থেকে তিন লাখ ৫০ টাকা ধার করার পাশাপাশি তিনি নিজের চার লাখ টাকা খরচ করবেন। কামরানের মতো নির্বাচনী প্রচারণার বিভিন্ন খাতে তিনি সম্ভাব্য মোট ব্যয় দেখিয়েছেন সাত লাখ ১০ হাজার ৫০০ টাকা। আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে  বলেন, ‘এটা তো দোষের কিছু না। হলফনামায় সত্য তথ্য উপস্থাপন করেছি। কোনো কিছু গোপন করিনি।’

নগর বিএনপির সহসভাপতি নাছিম হোসেন নির্বাচনী ব্যয়ের উৎস হিসেবে ব্যক্তিগত সাত লাখ টাকা ও কানাডাপ্রবাসী ভাইয়ের কাছ থেকে দান হিসেবে পাওয়া পাঁচ লাখ দেখিয়েছেন। এ ছাড়া নগরের জালালাবাদ এলাকার এ কে এম আশরাফ উদ্দিন ও রায়নগর এলাকার এজাজ আহমদ চৌধুরীর কাছ থেকে দান হিসেবে তিন লাখ এবং নিজের দুটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৭৫ হাজার টাকা পেয়েছেন। সব মিলিয়ে বিভিন্ন উৎস থেকে তাঁর পাওয়া অর্থের পরিমাণ ১৫ লাখ ৭৫ হাজার টাকা।

নির্বাচন কমিশন জানিয়েছে, মেয়র পদপ্রার্থীরা ১৫ লাখ টাকার বেশি ব্যয় করতে পারবেন না। তবে নাছিম নির্বাচনী প্রচারণার বিভিন্ন খাতে মোট সম্ভাব্য ব্যয় দেখিয়েছেন ১৫ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। নাছিম প্রথম আলোকে বলেন, ‘১৫ লাখ টাকা ব্যয়ের পাশাপাশি প্রার্থীরা ব্যক্তিগতভাবে আরও ৭৫ হাজার টাকা খরচ করতে পারবেন। সবকিছু মিলিয়েই আমি সম্ভাব্য নির্বাচনী ব্যয়ের হিসাব হলফনামায় উল্লেখ করেছি।’

নগর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল কাইয়ুম জালালী ব্যক্তিগত পাঁচ লাখ টাকার পাশাপাশি স্ত্রী জহরত আরার কাছ থেকে আরও পাঁচ লাখ টাকা দান হিসেবে পাবেন। তিনি বিভিন্ন খাতে নয় লাখ ৫০ হাজার টাকা সম্ভাব্য ব্যয় দেখিয়েছেন।

সিটি করপোরেশন নির্বাচনে সিলেটের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, একজন মেয়র পদপ্রার্থী ১৫ লাখ টাকার বেশি খরচ করতে পারবেন না। তবে এর পাশাপাশি প্রার্থীরা ব্যক্তিগতভাবে আরও ৭৫ হাজার টাকা ব্যয় করতে পারবেন। নির্বাচনের পর প্রার্থীরা ব্যয়ের তালিকা কমিশনে জমা দিলে পরীক্ষা-নিরীক্ষা করা হবে জানিয়ে রাশেদুল আরও বলেন, নীতিমালার ব্যত্যয় হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।