স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞরা আইনি সুরক্ষা চান
দেশে মাতৃ মৃত্যু কমানোর ক্ষেত্রে প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসকেরা বিশেষ ভূমিকা রেখে চলেছেন। কিন্তু নানা ক্ষেত্রে তাঁরা হেনস্তা ও নির্যাতনের শিকার হচ্ছেন। এ জন্য তাদের আইনি সুরক্ষা দরকার।
অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) ২৫ তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যাপক রওশন আরা বেগম সরকারের কাছে এই সুরক্ষার দাবি করেছেন।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য উপস্থাপনের সময় রওশন আরা বেগম বলেন, গর্ভবতী মা যখন চিকিৎসকের কাছে আসেন তখন তিনি কিছু ঝুঁকি নিয়েই আসেন। সারা বছর এ রকম অসংখ্য মাকে সেবা দিচ্ছেন চিকিৎসকেরা। অথচ নানা অজুহাতে তাদের হেনস্তা করা হয়। এটা বন্ধে আইন দরকার। অধ্যাপক রওশন আরা বেগম বলেন, রাজধানীতে নানা রোগের নানা মানুষের জন্য পৃথক হাসপাতাল আছে। নারীদের জন্য একটি এক হাজার শয্যার হাসপাতাল দরকার।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, মাতৃ মৃত্যু কমানোর ক্ষেত্রে ওজিএসবি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, দেশে অস্ত্রোপচারে শিশু জন্ম হার বেশি। বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার বেশি হচ্ছে। এটা কমাতে ওজিএসবির সহায়তা দরকার।
সম্মেলনের একাধিক অধিবেশনে দেশে অহেতুক অস্ত্রোপচারের বিষয়টি আলোচিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারহানা দেওয়ান বলেন, দেশে পেশাজীবী চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন ওজিএসবি। এর সদস্য সংখ্যা এক হাজার ৬০০ এর বেশি। দেশের বিভিন্ন জেলায় এর ১৬টি শাখা আছে। সম্মেলনে ২৭ জন বিদেশি বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ইহতেশামুল হক চৌধুরী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (মাতৃ স্বাস্থ্য) মোহাম্মদ শরিফ প্রমুখ বক্তব্য দেন।