স্ত্রীরোগ বিশেষজ্ঞদের গ্রামে রাখতে সহযোগিতা কামনা
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের গ্রামগঞ্জে কাজ করার জন্য আবারও অনুরোধ জানিয়েছেন। তিনি এ ব্যাপারে অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সহযোগিতা চান।ওজিএসবির ৩৯তম বার্ষিক সাধারণ সম্মেলন ও ২১তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই সহযোগিতা চান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনের এই সম্মেলন শুরু হয়েছে গতকাল শুক্রবার। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘মাতৃমৃত্যু প্রতিরোধ করো: এমডিজি-৫ অর্জন করো’।প্রধান অতিথির বক্তব্যে রুহুল হক বলেন, ‘আমি কোনো গাইনোকোলজিস্টকে (স্ত্রীরোগ বিশেষজ্ঞ) ঢাকার বাইরে রাখতে পারছি না। এ ব্যাপারে সোসাইটির সহযোগিতা চাই।’ তিনি বলেন, ঢাকার বাইরে নিয়োগ দেওয়ার পরপরই তাঁরা আবার ঢাকায় ফিরে আসছেন। কোথাও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও অবেদনবিদদের একসঙ্গে কাজ করানো যাচ্ছে না। একজন থাকেন তো অন্যজন চলে আসেন। এর একটা সমাধান বের করতে হবে। স্বাস্থ্য খাতের অগ্রগতির বর্ণনা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গর্ভবতী মায়েদের নিবন্ধনের কাজ হাতে নিয়েছে মন্ত্রণালয়। মুঠোফোনের মাধ্যমে এসব মায়ের করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার আগে স্বাস্থ্য খাতে চরম অরাজক অবস্থা ছিল। এখন শৃঙ্খলা ফিরে এসেছে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওজিএসবির সভাপতি কহিনূর বেগম, মহাসচিব নাসিমা বেগম ও সহসভাপতি মুরশেদ আহমেদ চৌধুরী বক্তব্য দেন।