স্ত্রীসহ চারজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীর মনসুর আহমেদ হত্যার ঘটনায় তাঁর স্ত্রীসহ চারজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার প্রথম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. রকিবুল ইসলাম এ রায় দেন।
রায়ে সালেহা বেগম, তাঁর খালাতো ভাই মো. জসিম এবং তাঁদের সহযোগী মো. জাহিদকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। আরেক আসামি রনি দত্তকে সাত বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত। আসামিদের মধ্যে জাহিদ ও রনি পলাতক রয়েছেন। তাঁরা জসিমের সহযোগী ছিলেন।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি দীন মণি দে জানান, ২০১০ সালের ৩১ মার্চ বোয়ালখালী উপজেলার সরোয়াতলী এলাকায় মনসুর আহমেদকে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর তাঁর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাশের নদীতে ফেলে দেওয়া হয়। পরদিন লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই ফারুক আহমেদ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ মনসুরের স্ত্রী, খালাতো ভাই জসিমসহ চারজনের বিরুদ্ধে একই বছরের ২২ নভেম্বর অভিযোগপত্র দেয়। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।