নাটোরের এক পরিবহন ব্যবসায়ী এক মাস ধরে নিখোঁজ। এ ঘটনায় পুলিশ তাঁর প্রথম স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। আগামীকাল রোববার রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, নিখোঁজ ব্যবসায়ীর নাম শাহজাহান আলী (৫২)। বাড়ি বড়াইগ্রাম উপজেলার গুরুমশৈল গ্রামে। তিনি উপজেলার বনপাড়া হালদারপাড়া মহল্লার এক ভাড়া বাসায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন।
১৮ জুলাই বিকেলে একই মহল্লার শামীম হোসেন নামের এক যুবক মুঠোফোনে শাহজাহানকে ডেকে নেন। এরপর থেকে তিনি নিখোঁজ। এ ঘটনায় তাঁর দ্বিতীয় স্ত্রী কামরুন্নাহার ১৯ জুলাই বড়াইগ্রাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি বাদী হয়ে ১৪ আগস্ট শামীমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।
এই মামলার আসামি শামীম, তাঁর বাবা হায়দার আলী ও ব্যবসায়ী শাহজাহানের প্রথম স্ত্রী আনোয়ারা বেগমকে গত বুধবার গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বাদী কামরুন্নাহার প্রথম আলোকে বলেন, তাঁর স্বামীকে মুঠোফোনে ডেকে নেওয়ার পর থেকে শামীমের আচরণ রহস্যজনক মনে হচ্ছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে শাহজাহান নিখোঁজের রহস্য উদ্ঘাটিত হবে। কাল (রোববার) বড়াইগ্রামের আমলি আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে।