স্ত্রীসহ তিনজন রিমান্ডে, মুখ খুলছেন না তাঁরা
পুরান ঢাকার চকবাজারে ব্যবসায়ী জামিল আহমেদকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার তাঁর স্ত্রী মৌসুমী আক্তার, ব্যবসায়িক বন্ধু আল-আমিনসহ তিনজনকে গতকাল বুধবার রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে তাঁরা হত্যাকাণ্ড সম্পর্কে কিছু বলেননি।
গত মঙ্গলবার ভোরে পুলিশ চকবাজারের রহমতগঞ্জ এলাকার ওয়াটার ওয়ার্কস রোডের ৫৯ নম্বর বাসা থেকে জামিলের বস্তাবন্দি লাশ উদ্ধার করে। এ ঘটনায় হওয়া হত্যা মামলায় নিহত ব্যক্তির স্ত্রী মৌসুমী আক্তার, তাঁর ব্যবসায়িক বন্ধু আল-আমিন এবং আল-আমিনের সহযোগী আসলামকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁদের ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত মৌসুমীর পাঁচ দিন, আল-আমিন ও আসলামের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মুরাদুল ইসলাম বলেন, মৌসুমীর প্রাথমিক বক্তব্যে ধারণা করা হয়েছিল, তাঁর পরকীয়া সম্পর্কের জের নিয়ে জামিলকে হত্যা করা হয়। তবে মৌসুমী বিভ্রান্তিকর ও অসংলগ্ন কথাবার্তা বলছেন। এ কারণে তাঁর কথার ওপর আস্থা রাখা যায় না। হত্যার পেছনে আর কোনো কারণ ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আল-আমিনের সঙ্গে জামিলের ব্যবসায়িক সম্পর্ক ছিল। মৌসুমীর সঙ্গে আল-আমিনের প্রেম সন্দেহে আল-আমিন ও আসলামকেও গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু হত্যায় তাঁদের জড়িত থাকার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। হত্যায় আরও এক বা একাধিক ব্যক্তি জড়িত ছিলেন বলে ধারণা পুলিশের।
তবে নিহত জামিলের ভাগনি রুমা পারভীন দাবি করেন, মৌসুমীর সঙ্গে তাঁর ভগ্নিপতি জুয়েলের সম্পর্ক ছিল। মৌসুমী পরিকল্পনা করে জুয়েল, আল-আমিন, জামিলের কারখানার ব্যবস্থাপক রাশেদ ও আরেক কর্মী আসলামকে দিয়ে জামিলকে খুন করিয়েছেন। মামলায় এঁদের সবাইকে আসামি করা হয়েছে।