স্ত্রীসহ দুজনকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি
বাগেরহাটের মোরেলগঞ্জে স্ত্রী ও এক মাদ্রাসাছাত্রকে হত্যার দায়ে আবুল কালাম (৫০) নামের এক ব্যক্তিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের প্রায় ১৬ বছর পর গতকাল রোববার দুপুরে বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আবুল কালামকে ২০ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত। আসামি পলাতক থাকায় বিচারক তাঁর অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
আবুল কালাম মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের আব্দুল জব্বার হাওলাদারের ছেলে।
বাগেরহাটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শরৎচন্দ্র মজুমদার বলেন, গুলিশাখালী গ্রামের মো. আবুল বাশারত হাওলাদারের ছেলে মশিউর রহমান এই গ্রামের আবুল কালামের বাড়িতে থেকে পড়াশোনা করত। ২০০১ সালের ৭ অক্টোবর রাতে আবুল কালাম তাঁর স্ত্রী সুলতানা ইয়াসমিনকে ধারালো দা দিয়ে কোপাতে শুরু করেন। এ সময় ঘরে থাকা মশিউর তা দেখে ঠেকাতে গেলে গৃহকর্তা আবুল কালাম দা দিয়ে তার মাথা ও ঘাড়ে কোপ দেন। এতে আবুল কালামের স্ত্রী সুলতানা ইয়াসমিন (২৫) এবং মাদ্রাসাছাত্র মশিউর রহমান (১২) ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার রাতেই আবুল কালাম তাঁর শিশুকন্যাকে (৩) নিয়ে মোরেলগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করেন, তাঁর বাবা ও ভাইয়েরা মিলে তাঁর স্ত্রী এবং ওই মাদ্রাসাছাত্রকে হত্যা করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আবুল কালামের শিশুসন্তান পুলিশকে বলে, তার বাবা তার মাকে হত্যা করেছেন। ওই শিশুর ভাষ্য অনুয়ায়ী, পরদিন সকালে হত্যায় ব্যবহার করা ধারালো দাটিও উদ্ধার করা হয়।
এপিপি বলেন, তখন পুলিশ আবুল কালামকে আটক করে। ওই হত্যার ঘটনায় ৭ অক্টোবর মশিউরের বাবা আবুল বাশার বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মোরেলগঞ্জ থানা-পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) এনামুল হক ওই বছরের ১০ ডিসেম্বর আবুল কালামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শরৎচন্দ্র মজুমদার বলেন, মূলত বাবা ও ভাইদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ থাকায় তাঁদের ফাঁসাতে স্ত্রীকে হত্যা করেন আবুল কালাম। ঘটনার পর গ্রেপ্তার হলেও সম্প্রতি জামিন পাওয়ার পর থেকে আবুল কালাম পলাতক রয়েছেন।
মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম চলাকালে বিচারক ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন।