আবহাওয়া অধিদপ্তরের তত্ত্বাবধায়ক আবদুর রাজ্জাক সরকার হত্যা মামলায় স্ত্রীসহ দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার এ রায় দেন। আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ইয়াসমিন ফেরদৌস ও তাঁর কথিত প্রেমিক সাইফুল ইসলাম। আসামিরা দুজনই জামিনে পলাতক আছেন।
২০০৬ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুর এলাকায় পূর্বপরিকল্পিতভাবে আবদুর রাজ্জাককে হত্যা করা হয়। ঘটনার দিন আসামি ইয়াসমিন ও সাইফুল মিলে রাজ্জাককে চায়ের সঙ্গে নেশাজাতীয় বা ঘুমের ওষুধ মিশিয়ে দেন। গভীর রাতে তাঁকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এই ঘটনার প্রত্যক্ষদর্শী আবদুর রাজ্জাকের দুই নাবালক মেয়ে। তারা আদালতে হত্যার ঘটনা বর্ণনা করে সাক্ষ্য দেয়। দণ্ডপ্রাপ্ত আসামি ইয়াসমিনও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মাহফুজুর রহমান।