চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় হাসপাতালের এক নিরাপত্তারক্ষী ও তাঁর স্ত্রীকে গতকাল বৃহস্পতিবার আটক করেছে র্রাব। তাঁরা হলেন সুজন দত্ত ও রীনা দে। তবে এখনো নবজাতকের সন্ধান মেলেনি।
যে ওয়ার্ড থেকে শিশুটিকে চুরি করা হয়েছে, ওই ওয়ার্ডের সামনের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরাটি নষ্ট ছিল। ফলে শিশুটিকে কে ওয়ার্ড থেকে বের করেছেন, তা শনাক্ত কারা যায়নি। তবে হাসপাতালের মূল ফটকের সিসিটিভি ফুটেজে এক নারীকে বাচ্চা কোলে নিয়ে বের হতে দেখা গেছে। তবে ফুটেজটি স্পষ্ট নয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে।
আটক সুজন হাসপাতালের ৩৩ নম্বর প্রসূতি ওয়ার্ডে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের নিয়োগ করা একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী। র্রাব জানায়, তারা জানতে পেরেছে, ৩৪ নম্বর ওয়ার্ড থেকে নবজাতক চুরির ঘটনার আগে সুজনকে ওই ওয়ার্ডে দেখা গেছে। সুজনকে হাসপাতাল থেকে এবং রীনাকে তাঁদের চকবাজারের মুন্সিপুকুরপাড় এলাকা থেকে আটক করা হয়।
নবজাতক চুরির ঘটনার পর ৩৪ নম্বর ওয়ার্ডে আতঙ্ক বিরাজ করছে। একই ওয়ার্ডে চিকিৎসাধীন বাঁশখালীর নূরুন্নাহার বেগম বলেন, ‘খুব ভয় লাগছে। বাচ্চা ফেলে উঠতে ইচ্ছা করে না। একজনকে বসিয়ে তারপর এখান থেকে যাই।’
এর আগে ২০০৮ সালের ৮ জুলাই সর্বশেষ নবজাতক চুরির ঘটনা ঘটে চমেক হাসপাতালে।
চট্টগ্রাম র্রাব-৭-এর মেজর জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, রীনাকে এর আগে মেডিকেল কলেজ থেকে একবার পুলিশ আটক করেছিল। এ ছাড়া তিনি একটি অপহরণ মামলারও আসামি।
জাহাঙ্গীর আলম জানান, হাসপাতালের ক্লোজড সার্কিট ক্যামেরার টিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ঘটনার সময় রীনা হাসপাতাল থেকে বের হচ্ছেন। তাঁর পেছন পেছন অন্য এক নারীকে একটি বাচ্চা নিয়ে বের হতে দেখা গেছে। এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত বুধবার বেলা তিনটার দিকে হাসপাতালের ৩৪ নম্বর ওয়ার্ড থেকে রাউজানের শফিউল আলমের স্ত্রী জেসমিন আক্তারের ১৪ দিন বয়সী নবজাতক চুরি হয়। এ সময় জেসমিন তাঁর বড় ছেলেকে খুঁজতে ওয়ার্ডের বাইরে কয়েক মিনিটের জন্য বের হয়েছিলেন।
গতকাল হাসপাতালের ওই ওয়ার্ডসহ আশপাশের ওয়ার্ডের নার্স, আয়া ও নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করে র্রাব। পরে সুজনকে আটক করে।
নবজাতক চুরির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে অধ্যাপক রোকেয়া বেগমকে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গনি বলেন, ‘আমরা র্রাব ও পুলিশকে জানিয়েছি। র্রাব কাজ করছে। আশা করি, আমরা এই নবজাতক উদ্ধার করতে সক্ষম হব।’ তিনি জানান, ওয়ার্ডের সামনের সিসিটিভি নষ্ট ছিল। তবে মূল ফটকের সিসিটিভি ফুটেজে এক নারীকে বাচ্চা কোলে নিয়ে বের হতে দেখা গেছে। তাঁর সামনে আরেক নারী ছিলেন, তিনি হাসপাতালে দালাল হিসেবে পরিচিত।
হাসপাতালের ৩৪ নম্বর ওয়ার্ডে এখনো চিকিৎসাধীন রয়েছেন নবজাতকের মা জেসমিন আক্তার। গতকাল দুপুরে তিনি বড় ছেলে শওকতকে (২) দেখিয়ে বলেন, ‘আমি তাকে খুঁজতে গিয়েছিলাম। আমার মা তখন বাথরুমে ছিল। দুই মিনিটের মধ্যে এসে দেখি আমার ছেলে বিছানায় নেই। আপনারা আমার ছেলেকে এনে দেন।’
নবজাতক চুরির ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) শিপ্রা দাশ।