স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা হত্যা: ঐশীর আপিলের শুনানি শুরু
রাজধানীর মালিবাগে স্ত্রীসহ পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান হত্যার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তাঁদের সন্তান ঐশী রহমানের আপিলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে।
আজ রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ঐশীর আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ওপর শুনানি শুরু হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির ও সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম। ঐশীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পী।
আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পী পরে প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ পেপারবুক থেকে উপস্থাপন করে। শুনানিতে মামলার সার সংক্ষেপ তুলে ধরেছি। সোমবার শুনানি হবে। ওই মামলায় ঐশীদের অপ্রাপ্তবয়স্ক গৃহকর্মীকেও আসামি করা হয়। এর বিচার কিশোর আদালতে চলছে।
২০১৩ সালের ১৬ আগস্ট ঢাকার মালিবাগের এক ফ্ল্যাট থেকে পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পরদিন মাহফুজের ভাই মশিউর রহমান এ ঘটনায় পল্টন থানায় হত্যা মামলা করেন। ওই দিনই ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করেন। ২০১৪ সালের ৯ মার্চ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবুল খায়ের মাতুব্বর আলোচিত এই মামলার অভিযোগপত্র দেন। ওই মামলায় ২০১৫ সালের ১২ নভেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় দেন। রায়ে ওই দম্পতির মেয়ে ঐশীকে মৃত্যুদণ্ড, তাঁর বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই বছরের ১৯ নভেম্বর নিম্ন আদালতের রায়সহ নথিপত্র হাইকোর্টে আসে এবং পরে ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। ওই বছরের ৬ ডিসেম্বর খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন ঐশী। মৃত্যুদণ্ডাদেশ রায় অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। এসবের শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে এ মামলার পেপারবুক (মামলা বৃত্তান্ত) প্রস্তুত করা হয়। এরপর ওই বেঞ্চ শুনানির জন্য আসে।