স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা হত্যা মামলার রায় ১২ নভেম্বর
পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলার রায় দেওয়া হবে ১২ নভেম্বর। ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ আজ বুধবার রায় ঘোষণার এ তারিখ ধার্য করেছেন।
মামলার আসামিরা হলেন, নিহত দম্পতির মেয়ে ঐশী রহমান, তাঁর দুই বন্ধু জনি ও রনি। অপর আসামি ওই দম্পতির গৃহকর্মী খাদিজা আক্তার সুমির বিচার চলছে শিশু আদালতে।
ঐশীর আইনজীবী মাহবুব হাসান রানা প্রথম আলোকে বলেন, এ মামলায় আজ যুক্তিতর্কের শুনানি শেষে আদালত রায়ের দিন ধার্য করেছেন।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার একদিন পর (১৭ আগস্ট) নিহত পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমানের ছোট ভাই মো. মশিউর রহমান পল্টন থানায় হত্যা মামলা করেন। ওই দিনই নিহত দম্পতির মেয়ে ঐশী রহমান পল্টন থানায় আত্মসমর্পণ করে সে নিজে তার মা-বাবাকে খুন করেছে বলে জানায়। ২৪ আগস্ট ঐশী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে ওই পুলিশ কর্মকর্তার গৃহকর্মী খাদিজা বেগম ওরফে সুমি ও ঐশীর বন্ধু রনি ও জনিকে গ্রেপ্তার করা হয়।
২০১৪ সালের ৯ মার্চ ঐশী রহমানসহ চারজনের বিরুদ্ধে আদালতে দুটি অভিযোগপত্র দাখিল করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একটি অভিযোগপত্র দেওয়া হয়েছে ঐশী, তাঁর বন্ধু আসাদুজ্জামান ওরফে জনি ও মিজানুর রহমান ওরফে রনির বিরুদ্ধে। অপর অভিযোগপত্রটি দেওয়া হয় ঐশীদের গৃহকর্মী শিশু সুমি আকতারের বিরুদ্ধে শিশু আইনে। ঐশী কাশিমপুর কারাগারে এবং সুমি গাজীপুরের কিশোরী সংশোধন কেন্দ্রে আছে। বাকি দুজন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী।