স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা হত্যায় পাঁচজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় মেয়ে ঐশী রহমানসহ তিনজনের বিরুদ্ধে আরও পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত বঁটি, কাপড় আজ মঙ্গলবার আদালতে উপস্থাপন করা হয়।
ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করেন। আদালত ১১ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শাহআলম তালুকদার প্রথম আলোকে বলেন, মামলার আলামত জব্দ তালিকার সাক্ষী উপপরিদর্শক (এসআই) আবু তাহের ও শহিদুল্লাহ, সহকারী উপপরিদর্শক (এএসআই) তবিবুর রহমান, কনস্টেবল শহিদুল্লাহ ও মাহবুবের সাক্ষ্য জেরা শেষ হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা বঁটি, রক্তমাখা লুঙ্গি, বিছানার চাদর, ঐশীর ব্যবহৃত কাপড়-চোপড় ও স্বর্ণালঙ্কার উপস্থাপন করা হয়। সাক্ষীরা তা শনাক্ত করেন। এ নিয়ে রাষ্ট্রপক্ষ থেকে ১০ জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে।
গত ৯ মার্চ গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুয়াল খায়ের মাতুব্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ঐশীসহ চারজনকে অভিযুক্ত করে দুটি অভিযোগপত্র দাখিল করেন।
গত বছরের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজের বাসায় খুন হন মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান। পরে তাঁদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ঐশী গৃহকর্মী সুমীকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করে।