স্ত্রীসহ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
প্রায় ২৪ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে জয়পুরহাটের কালাই থানার উপপরিদর্শক (এসআই) রওশন আলী ও তাঁর স্ত্রী মনোয়ারা বেগমের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বাসা বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায়। গত মঙ্গলবার দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক কামরুল হাসান এই মামলা করেন।মামলায় উল্লেখ করা হয়েছে, দুদক বগুড়া সমন্বিত কার্যালয় থেকে মনোয়ারা বেগমকে তাঁর নিজের ও তাঁর ওপর নির্ভরশীলদের সম্পদের হিসাব দাখিলের জন্য গত বছরের ১১ জুলাই প্রথম চিঠি দেওয়া হয়। মনোয়ারা বেগম একই বছরের ৩১ জুলাই পাঠানো হিসাব বিবরণীতে ৮০ লাখ ৪৭ হাজার ৬০১ টাকার সম্পদের হিসাব দেন। কিন্তু অনুসন্ধানে পাওয়া যায় মনোয়ারা বেগমের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ২৩ লাখ ৯১ হাজার ৭৬৩ টাকা। এ ছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কাছে দায়দেনার কথা উল্লেখ করা হলেও কমিশন তথ্য যাচাই করতে গেলে তা মিথ্যা প্রমাণিত হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।এ বিষয়ে এসআই রওশন আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দুদকে স্ত্রী মনোয়ারা বেগমের যে সম্পদ বিবরণী দাখিল করা হয়েছে এর বাইরে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ আমাদের নেই। কাজেই সম্পদের তথ্য গোপনের অভিযোগও ভিত্তিহীন।’ জয়পুরহাটের পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, ওই এসআইয়ের বিরুদ্ধে দুদক মামলা করলেও আপাতত তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে দুদক অভিযোগপত্র দাখিল করলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।