স্ত্রীসহ পুলিশ পরিদর্শক খুন
পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান (৪৯) ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান (৪২) খুন হয়েছেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর চামেলিবাগের ভাড়া ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।
নিহত পরিদর্শক এসবির রাজনৈতিক শাখায় কর্মরত ছিলেন। ঘটনার পর থেকে এই দম্পতির ও লেভেল পড়ুয়া কিশোরী মেয়ে নিখোঁজ। খোঁজ নেই শিশু গৃহকর্মীরও।
পুলিশ জানায়, চামেলিবাগের একটি ছয়তলা অ্যাপার্টমেন্ট ভবনের ছয়তলার তিন শয়নকক্ষের একটি ফ্ল্যাটে স্ত্রী, ১৬ বছরের মেয়ে ঐশী, আট বছরের ছেলে ঐহি ও এক শিশু গৃহকর্মীকে নিয়ে থাকতেন মাহফুজ।
পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম মেহেদি হাসান বলেন, এসবি থেকে খবর পেয়ে মতিঝিল থানার পুলিশ আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসার দরজা ভেঙে ভেতরে ঢোকে। তাঁদের মেয়ের শয়নকক্ষের বাথরুম থেকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় রক্তাক্ত লাশ দুটি পাওয়া যায়। সারা শরীরে ধারালো অস্ত্রের একাধিক গভীর আঘাত রয়েছে। লাশের আশপাশে পড়ে থাকা কয়েকটি ছুরিও পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এসবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলো ডটকমকে বলেন, আজ শুক্রবার বিকেলের দিকে মাহফুজুরের স্ত্রী স্বপ্নার এক ভাই ও নিহত দম্পতির ছেলে ঐহি ওই ফ্ল্যাটে আসে। দরজা বন্ধ দেখতে পেয়ে তাঁরা এসবি অফিসে ফোন করে জানান যে দু-তিন দিন ধরে মাহফুজ-স্বপ্না দম্পতির হদিস পাওয়া যাচ্ছে না। এরপর এসবির কর্মকর্তারা থানার পুলিশকে খবর দেন।
নিহত দম্পতির ছেলে ঐহি তার বাবার সহকর্মীদের বলেছে, গতকাল বৃহস্পতিবার সকালে বোন ঐশী তাকে ও কাজের মেয়েকে বলে ‘আব্বু-আম্মু রাগারাগি করে চলে গেছে। চলো আমরা মামার বাড়ি চলে যাই।’ এরপর তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কাকরাইলে ঐশীর বান্ধবীর বাসায় যায়। সেখানে থেকে আজ সকালে ঐহিকে আরেকটি সিএনজি অটোরিকশায় তুলে দিয়ে বোন ঐশী বলে ‘তুমি বাসায় যাও। ওখানে মামা আসবেন। মামা এসে তোমাকে উত্তরায় খালুর বাসায় নিয়ে যাবেন।’ ঐহি অটোরিকশায় বাসার সামনে এসে দেখে, মামা আগেই এসেছেন।
ওই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত তিনটার দিকে ঐশী তার মায়ের ফোন থেকে ফোন করে উত্তরায় বসবাসরত খালুকে বলে ‘আব্বু-আম্মু রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। আমরা কাল (শুক্রবার) সকালে তোমার বাসায় আসব।’ কী সমস্যা হলো তা জানতে স্বপ্নার এক ভাইকে ওই বাসায় পাঠান উত্তরার সেই খালু। স্বপ্নার ভাই আসার কিছুক্ষণ পরেই ঐহিও সিএনজিতে বাসায় এসে নামে।
এদিকে ওই অ্যাপার্টমেন্টের ব্যবস্থাপক আমজাদ আলী প্রথম আলো ডটকমকে বলেন, আগে থেকেই মাহফুজুরের নিষেধ ছিল যেন তাঁকে না বলে ছেলেমেয়েদের বাইরে যেতে না দেওয়া হয়। সে কারণে বৃহস্পতিবার সকালে যখন ঐশী, ঐহি ও গৃহকর্মী বাইরে যাওয়ার জন্য নিচে নামলে স্বপ্নার নম্বরে ফোন করেন আমজাদ। ওই প্রান্ত থেকে একজন বলেন, ‘তাদের যেতে দাও’। তবে ফোনটি কে ধরেছিল তা বলতে পারেননি তিনি।
আমজাদ বলেন, এরপর আজ শুক্রবার বেলা তিনটার দিকে ঐশীর ছোট ভাই ঐহি ও তার মামা বাসায় গেলে আমজাদ আবারও স্বপ্নার নম্বরে ফোন করেন। তখন ঐশী ফোন ধরে বলে, ‘বাবা-মা তো রাজশাহীতে গেছে। আমি মিরপুরে মামার বাড়িতে যাচ্ছি।’
বাসায় নিরাপত্তার দায়িত্বে থাকা মো. মোতালেব বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে মাহফুজুর বাসায় ফেরেন। বৃহস্পতিবার সকালে ছেলেমেয়ে ও গৃহকর্মী অটোরিকশায় বের হয়ে যায়। এর মধ্যে আর কোনো অপরিচিত লোক ওই বাসায় যায়নি। ওই ভবনের যেকোনো ফ্ল্যাটে অনুমতি ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না।
এদিকে মাহফুজুরের এক প্রতিবেশী বলেন, গত বৃহস্পতিবার ভোরের আগে আগে দরজায় সজোরে দুবার আঘাতের শব্দ পাওয়া যায়।
এসবির রাজনৈতিক শাখার উপমহাপরিদর্শক (ডিআইজি) মোশাররফ হোসেন বলেন, গত বুধবার রাত ১১টার দিকে কাজ শেষে মাহফুজুর বাসায় ফিরেছিলেন।
পুলিশের কর্মকর্তারা বলছেন, হত্যার ঘটনাস্থল ও আলামত পর্যবেক্ষণে মনে হচ্ছে, কমপক্ষে পাঁচজন হত্যাকাণ্ডে অংশ নিয়েছে।