স্ত্রীসহ ব্যবসায়ীকে অপহরণ, অর্থ ও স্বর্ণালংকারলুট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকার সুরতরঙ্গ সড়ক থেকে স্ত্রীসহ এক ব্যবসায়ীকে অপহরণ করে দুই লাখ টাকা ও সাড়ে চার ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে কয়েক কিলোমিটার দূরে ফেলে যায় দুর্বৃত্তরা।
ব্যবসায়ীর পরিবার ও পুলিশ জানায়, গত শনিবার রাত আটটায় টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকার সুরতরঙ্গ সড়কের বাসিন্দা কাজী রহমত তাঁর স্ত্রী কুলছুমকে নিয়ে গৃহস্থালির কেনাকাটা করার জন্য বাসা থেকে বের হন। এ সময় আট-নয়জন দুর্বৃত্ত তাঁদের একটি মাইক্রোবাসে তুলে গাজীপুর সদরের দিকে নিয়ে যায়। দুর্বৃত্তরা গাড়ির ভেতর তাঁদের চোখ বেঁধে মারধর করে ও রহমতের হাতে ধারালো চাকু দিয়ে কোপায়।
দুর্বৃত্তরা এ সময় নগদ দুই লাখ টাকা, তাঁর স্ত্রীর সাড়ে চার ভরি ওজনের স্বর্ণালংকার (গলার নেকলেস, হাতের দুটি বালা, কানের দুল), দুটি মুঠোফোন ও দুটি হাতঘড়ি লুট করে। পরে তাঁদের গাজীপুর সদর এলাকার ধান গবেষণা কেন্দ্রের দক্ষিণে সার্ডি নামক স্থানে ফেলে যায়। তাঁর স্ত্রী আশপাশের লোকজনের সহযোগিতায় স্বামীকে নিয়ে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন।
রহমত চেরাগআলী বাজারে মুরগির খাদ্যের ব্যবসা করেন। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।