স্ত্রীসহ সাংবাদিক খুনের রহস্য নিয়ে অন্ধকারে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টনের বাসায় স্ত্রীসহ সাংবাদিক খুনের রহস্য গতকাল রোববার পর্যন্ত উন্মোচিত হয়নি। দুই দিন তদন্তের পর পুলিশ মনে করছে, অর্থ-সম্পত্তির কারণেই এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের স্বজনেরাই এর ঘাতক হতে পারে বলে পুলিশের সন্দেহ। ফরহাদ দম্পতি খুনের প্রতিবাদে গতকাল সাংবাদিকেরা মানববন্ধন করেন।গত শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টনের (মসজিদ গলি) ভাড়াবাসা থেকে প্রবীণ সাংবাদিক ফরহাদ খাঁ ও তাঁর স্ত্রী রহিমা খাতুনের লাশ উদ্ধার করে পুুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক জিল্লুর রহমান জানান, তাঁদের সঙ্গে সম্পত্তি ও অন্যান্য বিষয় নিয়ে কারও বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ মামলাটি থানার পুলিশ ছাড়াও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তাঁরা জানতে পারেন, খুনিরা বৃহস্পতিবার রাতে ফরহাদ খাঁর বাড়িতে আতিথ্য গ্রহণ করেছিল। তারা ফরহাদ দম্পতির পরিচিত ছিল। নিজেদের শয়নকক্ষে তাদের থাকতে দেওয়া হয়েছিল। সূত্র জানায়, পরিবারের সদস্যরা তদন্তকারীদের জানিয়েছেন, ফরহাদ দম্পতি তাঁদের ইতালিপ্রবাসী মেয়ের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিদেশে মেয়ের ব্যবসার জন্য কিছু টাকা পাঠানোরও কথা ছিল। এ জন্য তাঁরা বেশ কিছু সম্পত্তি বিক্রির উদ্যোগ নেন। ওই বাসায় অনেক টাকা ছিল বলে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন।পুলিশ জানায়, নিহত দম্পতির মেয়ে আইরিন খাঁ বাংলাদেশে আসছেন। তিনি এলে পারিবারিক অনেক কিছু জানা যাবে।এদিকে নিহত দম্পতির চারটি মোবাইল ফোনের কল তালিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁরা ধারণা করছেন, ফরহাদ খাঁর সঙ্গে টিঅ্যান্ডটি ফোনে যোগাযোগ করেছিল খুনিরা।প্রতিবাদ: সাংবাদিক ফরহাদ খাঁ ও তাঁর স্ত্রী রহিমা খাতুনের হত্যারহস্য উদ্ঘাটন ও খুনিদের শাস্তি দাবি করে গতকাল সকালে মানববন্ধন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এ সময় বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব আলতাফ মাহমুদ, বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, ডিইউজের সভাপতি শাহ আলমগীর ও সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য বক্তব্য দেন। একই দাবিতে দুপুরে জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের আরেকটি অংশ প্রতিবাদ সমাবেশ করে। এ সময় বক্তব্য দেন আবদুস শহীদ, রুহুল আমীন গাজী, এম এ আজিজ, আমিরুল ইসলাম কাগজী, এলাহী নেওয়াজ খান, ইলিয়াস খান প্রমুখ। সমাবেশ থেকে এক সপ্তাহের মধ্যে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।বাংলাদেশ লেখক ফোরাম, জাতীয়তাবাদী যুবদল, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় নাগরিক সমাজ এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।