স্ত্রীসহ সাংবাদিক হত্যার কারণ খুঁজছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক ফরহাদ খাঁ ও তাঁর স্ত্রীর হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারেনি। তবে তদন্তকারী কর্মকর্তারা মনে করছেন, হত্যাকাণ্ডের পেছনে একাধিক কারণ থাকতে পারে। পল্টন থানার সূত্র জানায়, গতকাল শনিবার ফরহাদ খাঁর ভাই আবদুস সামাদ বাদী হয়ে পল্টন থানায় হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামা লোকজনকে আসামি করা হয়েছে। মামলায় বলা হয়, ফরহাদ খাঁ ও তাঁর স্ত্রী রহিমাকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ৭৭ নয়াপল্টনের (মসজিদ গলি) ভাড়া বাসা থেকে এই দম্পতির লাশ উদ্ধার করা হয়। মামলাটি থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও একাধিক বিষয়কে প্রাধান্য দিয়ে তদন্ত করা হচ্ছে। ফরহাদ খাঁ যে বাসায় ভাড়া থাকতেন, তার নিচতলায় বাড়িমালিকের বাসায় সপ্তাহের প্রতি বৃহস্পতিবার আধ্যাত্মিক গানের আসর বসত। সেখানে জলসা ও হট্টগোল হতো। এই জলসা না বসানোর অনুরোধ করেছিলেন ফরহাদ-রহিমা। এ ছাড়া এই দম্পতির ইতালি-প্রবাসী মেয়ে সেখানে লোকজন নেওয়ার নাম করে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন বলে অভিযোগ আছে। ওসি বলেন, ঘটনাটি ডাকাতি নয় বলে মনে হচ্ছে। বাসার দরজা ও জানালার গ্রিল অক্ষত আছে। পরিচিত লোকজনের মাধ্যমে এই জোড়া খুন ঘটানো হয়েছে। ফরহাদ-রহিমা দম্পতি তাঁদের মূল শোবার ঘর ছেড়ে অন্য ঘরে ঘুমিয়েছিলেন—এমন আলামত পাওয়া গেছে। মনে হচ্ছে, বাসায় আসা অন্য কাউকে মূল শোবার ঘরে ওই দম্পতি ঘুমাতে দিয়েছিলেন। সিআইডির অপরাধ চিহ্ন শনাক্তকরণ দল ঘটনাস্থল থেকে যেসব আলামত সংগ্রহ করেছে, তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। নিহত দম্পতির ব্যবহূত দুটি মুঠোফোন পাওয়া গেছে। তদন্তকারীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খুনিদের অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। নিহত ফরহাদের ভাই আবদুস সামাদ জানান, জানামতে তাঁর ভাইয়ের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, নিহত দম্পতির যাত্রাবাড়ীতে নিজস্ব একটি টিনশেড বাড়ি রয়েছে। এই বাড়ি নিয়ে কারও সঙ্গে কোনো বিরোধ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। নিহত ফরহাদ খাঁর স্ত্রীর এক ভাই রাজনৈতিক কারণে গ্রামের বাড়িতে অনেক দিন আগে খুন হয়েছিলেন। এ বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।গতকাল গিয়ে দেখা যায়, ফরহাদ খাঁর নয়াপল্টনের দ্বিতীয় তলার ভাড়া বাসাটি তালা মেরে পুলিশ সিলগালা করে দিয়েছে। সেখানে পুলিশ রয়েছে। জানা গেছে, মৃত্যুর খবর শোনার পর নিহত দম্পতির একমাত্র মেয়ে আইরিন খাঁ ইতালি থেকে দেশে রওনা দিয়েছেন।ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে ফরহাদ-রহিমা দম্পতির লাশ গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নেওয়া হয়। সেখানে বিভিন্ন সংগঠন ও সংবাদকর্মীরা নিহত দম্পতির প্রতি শেষশ্রদ্ধা জানান। জানাজা শেষে সেখান থেকে লাশ গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গান্দিনায় নিয়ে যাওয়া হয়। পারিবারিক সূত্র জানায়, গান্দিনায় স্থানীয় মসজিদে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হবে। মানববন্ধন: আজ রোববার সকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে। বিবৃতি: ফরহাদ খাঁ ও রহিমা খাতুনকে গলা কেটে হত্যার ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন। গতকাল শনিবার এসব সংগঠনের পক্ষ থেকে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও খুনিদের গ্রেপ্তারেও দাবি জানানো হয়। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছে: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), সংবাদপত্র সম্পাদনা সহকারী ফোরাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, শিশুমেলা সোসাইটি, জাতীয় লেখক ফোরাম।গতকাল বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই জোড়া খুনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান।