স্ত্রী-কন্যাকে হত্যা করার পর পুলিশের কাছে আত্মসমর্পণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের সানু মিয়া নামের এক ব্যক্তি গত বৃহস্পতিবার রাতে স্ত্রী ও কন্যাকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। সানু মিয়া গতকাল শুক্রবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশের দাবি প্রেমঘটিত ও পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৮ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চিতনা (ধরমণ্ডল) গ্রামের সানু মিয়া মাধবপুরের উত্তর সুরমা গ্রামের জরিনা বেগমকে (৩৬) বিয়ে করেন। এর পর থেকে সানু মিয়া শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করে আসছেন। তাঁদের সংসারে তিন সন্তান রয়েছে।
সানু মিয়া পুলিশকে জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামের এক ব্যক্তি নানা অসিলায় তাঁর বাড়িতে যাতায়াত করতেন। ওই ব্যক্তির সঙ্গে প্রথমে তাঁর স্ত্রীর ও পরে মেয়ে মাসুমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে তিনি তাঁর স্ত্রী ও মেয়েকে নিষেধ করেন। কিন্তু তাঁরা নিষেধ মানেননি। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সানু মিয়া স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ওই ব্যক্তিকে ধরে ফেলেন। একপর্যায়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে প্রথমে স্ত্রীকে ও পরে কন্যা মাসুমাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
ঘটনার পরপরই সানু মিয়া বাড়ির পার্শ্ববর্তী তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাছেদ, ওসি (তদন্ত) আজমিরুজ্জামান ও তেলিয়াপাড়া ফাঁড়ির ইনচার্জ (আইসি) সহিদুল্লাহ ঘটনাস্থলে ছুটে যান এবং নিহত ব্যক্তিদের লাশ মাধবপুর থানায় নিয়ে আসেন। গতকাল লাশ দুটির ময়নাতদন্ত হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে সম্পন্ন হয়।
থানা হাজতে সানু মিয়া বলেন, ‘অন্যায় দেখে রাগের মাথায় ধারালো অস্ত্র কাছে পেয়ে কোপাতে শুরু করি। কাকে কুপিয়েছি তা জানি না।’
এ ঘটনায় জরিনা বেগমের বড় বোন মেহেরুন নেছা সানু মিয়াকে আসামি করে গতকাল মাধবপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে টাকা-পয়সা লেনদেন নিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছেন বলে উল্লেখ করা হয়।
মাধবপুর থানার ওসি আবদুল বাছেদ জানান, স্ত্রীর ও মেয়ের প্রেমের ঘটনা নিয়েই এ হত্যাকাণ্ড। এ ছাড়া অপরাধী নিজেই থানায় আত্মসমর্পণ করে অপরাধের কথা স্বীকার করেছেন। গতকাল তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন, সেখানেও একই কথা বলেছেন।